২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার সঙ্গে কার তুলনা করছেন?’, মাহমুদউল্লাহর বিকল্পের প্রশ্নে শান্ত

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শামীম হোসেনকে বিবেচনা করা যেত কিনা, প্রশ্নের উত্তরে বিস্ময় প্রকাশ করেন নাজমুল হোসেন শান্ত।

‘কার সঙ্গে কার তুলনা করছেন?’, মাহমুদউল্লাহর বিকল্পের প্রশ্নে শান্ত
মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2024, 11:01 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরও ভারত সফরের দলে আছেন মাহমুদউল্লাহ। স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়ে নানা কথা উঠলেও, সেসব নিয়ে ভাবতে চান না নাজমুল হোসেন শান্ত। সম্ভাব্য বিকল্প হিসেবে শামীম হোসেনের নাম বলা হলে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। 

চলতি ভারত সফরের টেস্ট সিরিজ চলাকালে সাকিব আল হাসান জানিয়ে দিয়েছেন, অভাবনীয় কিছু না হলে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি। তাই ভারত সফরের দলে বিবেচনা করা হয়নি তাকে। তবে, ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ এখনও অবসরের ব্যাপারে চূড়ান্ত কিছু বলেননি। 

শেষ দিকে দ্রুত রান তোলার জন্য বাংলাদেশ দল এখন পর্যন্ত অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ওপরই ভরসা রাখছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে তো বিকল্প কিছু নিয়ে ভাবতেও রাজি নন শান্ত। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচ খেলে মাত্র ১৫.৮৩ গড় ও ৯৪.০৩ স্ট্রাইক রেটে ৯৫ রান করেন মাহমুদউল্লাহ। সেমি-ফাইনালে ওঠার আশা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমে সেদিন তেমন লড়াইও করতে পারেনি বাংলাদেশ। আর সেই ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তুমুল সমালোচনা হয় তখন। 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ওই বিশ্বকাপের পর আর ম্যাচ খেলেননি মাহমুদউল্লাহ। ভারত সফরের দল ঘোষণার আগে-পরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে ম্যাচের আদলে অনুশীলন পর্বেও তেমন স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

একইসময়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ কয়েকটি ম্যাচে শেষ দিকে দারুণ ব্যাটিং করেন শামীম। সব মিলিয়ে ৮ ম্যাচে ৪৬.৫০ গড়ে তিনি করেন ১৮৪ রান। তিনটি ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪০ ছোঁয়া ইনিংস। দেশে ফিরে নিজেদের মধ্যে ম্যাচের আদলে অনুশীলনেও বেশ ভালো ব্যাটিং করেন শামীম।

গোয়ালিয়রে বাংলাদেশ দলের অনুশীলনের সময় সংবাদ সম্মেলনে তাই শান্তর কাছে প্রশ্ন করা হয়, শামীম হোসেনকে না নিয়ে মাহমুদউল্লাহকে দলে নেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে তার কোনো বার্তা ছিল কিনা? উত্তরে বিস্ময় প্রকাশ করে মাহমুদউল্লাহর পক্ষে ব্যাট ধরেন শান্ত।

“কার সঙ্গে কার তুলনা করছেন? জিনিসটা হলো, রিয়াদ ভাই বহু বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, ভালো খেলছেন। তিনি আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, সব ম্যাচ হয়তো শেষ করতে পারেননি। তবে আমাদের অনেক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।” 

শামীম হোসেন

শামীম হোসেন

“শামীম তরুণ, ভালো খেলছে, দুর্দান্ত ব্যাটিং করছে। তবে আমি এখনই কোনো তুলনা করতে চাই না। আমি মনে করি, যখনই সুযোগ পাবে, শামীম বাংলাদেশ দলকে সার্ভ করবে। আপনি যদি বলেন, রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি, এটি আমার কাছে বিশেষ কিছু নয়।”

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই সিরিজই মাহমুদউল্লাহর শেষ কিনা, সে কথাও জানতে চাওয়া হয় শান্তর কাছে। পরিষ্কারভাবে কোনো উত্তর দেননি তিনি। 

“আমি যা বুঝতে পারি, এই সিরিজটি (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি হয়তো নির্বাচকদের সঙ্গে কথা বলবেন। আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে আমি বিশ্বাস করি, ভবিষ্যতের ব্যাপারে নির্বাচক ও বোর্ডের সঙ্গে তার আলোচনা হবে।”

“এখন পর্যন্ত আমাদের তেমন কোনো আলোচনা হয়নি (এটিই মাহমুদউল্লাহর শেষ সিরিজ কিনা)। হয়তো সামনে এই বিষয়ে আলোচনা হবে। তবে এখন একটি সিরিজ শুরুর আগে আমি এই বিষয়ে মনোযোগ দিতে চাই না।” 

গোয়ালিয়রের শ্রীমান মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু প্রথম ম্যাচ।