২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ছুঁয়ে প্রত্যাবর্তন রাঙালেন রোহিত

আট বছর পর ভিজায় হাজারে ট্রফিতে খেলতে নেমে দেড়শ ছোঁয়া ইনিংসে একটি রেকর্ড স্পর্শ করেছেন রোহিত শার্মা।

রেকর্ড ছুঁয়ে প্রত্যাবর্তন রাঙালেন রোহিত
ভারতের তারকা ওপেনার রোহিত শার্মা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ভিজায় হাজারে ট্রফিতে আগের ম্যাচ খেলার পর কেটে গেছে আটটি বছর। লম্বা বিরতির পর দেশের ঘরোয়া এই টুর্নামেন্টে ফিরেই দ্যুতি ছড়ালেন রোহিত শার্মা। দেড়শ ছোঁয়া ইনিংসে প্রত্যাবর্তন রাঙালেন ভারতের তারকা ওপেনার।

প্রতিযোগিতাটির চলতি মৌসুমের উদ্বোধনী দিনে বুধবার সিকিমের মুখোমুখি হয় মুম্বাই। জয়পুরে এদিন লক্ষ্য তাড়ায় ১৫৫ রানের চমৎকার ইনিংস খেলেন মুম্বাইয়ের রোহিত। ৯ ছক্কা ও ১৮ চারে গড়া তার ৯৪ বলের ইনিংসটি।

এদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি রেকর্ড স্পর্শ করেন রোহিত। এই সংস্করণে এনিয়ে নবমবার দেড়শ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। তালিকায় তার উপরে নেই কেউ। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও ৯ বার দেড়শ ছুঁতে পেরেছিলেন।

৩৫১ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি রোহিতের ৩৭তম সেঞ্চুরি।

দেড়শ ছোঁয়া ইনিংসটির পথে ৬২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন রোহিত। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার দ্রুততম শতক। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলের সেঞ্চুরিটি ছিল আগের দ্রুততম।

এই ম্যাচের আগে ২০১৭-১৮ মৌসুমে ভিজায় হাজারে ট্রফিতে সবশেষ খেলেছিলেন রোহিত। ৩৮ বছর ২৩৮ দিন বয়সে ফের এই টুর্নামেন্টে খেলতে নামলেন তিনি। প্রতিযোগিতাটিতে সেঞ্চুরি করা দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার রোহিত। ২০২৩-২৪ মৌসুমে বেঙ্গলের অনুস্তুপ মজুমদার সেঞ্চুরি করেছিলেন ৩৯ বছর পেরিয়ে।

সোয়ামি মানসিং স্টেডিয়াম এদিন ছিল কানায় কানায় পূর্ণ। রোহিতের ব্যাটিং দেখতে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন ১২ হাজারের বেশি দর্শক। ম্যাচ জুড়েই শোনা যাচ্ছিল ‘রোহিত, রোহিত’ চিৎকার।

টস জিতে আগে ব্যাটিং নেয় সিকিম। তাদের ব্যাটিংয়ের সময় গ্যালারি থেকে ভেসে আসে, ‘রোহিতকে বোলিং দাও।’ যদিও তাদের চাওয়া পূরণ হয়নি। পরে ব্যাট হাতে ভক্তদের চাওয়া যেন সুদে-আসলে পূরণ করেন তিনি।

রান তাড়ায় ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। ৪টি ছক্কা ও ৭ চারে ২৭ বলে পঞ্চাশে পা রাখেন তিনি। এরপর কিছুটা মন্থর হয়ে যায় তার রানের গতি। ফিফটি থেকে সেঞ্চুরি ছুঁতে তার লাগে ৩৫ বল।

আবার কিছুটা গতি বাড়িয়ে মোট ৯ ছক্কা ও ১৭ চারে ৯১ বলে দেড়শ স্পর্শ করেন তিনি। মনে হচ্ছিল, ম্যাচ জিতিয়ে ফিরবেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু জয় যখন ১১ রানে দূরে, কট বিহাইন্ড হয়ে ফেরেন রোহিত।

তার সৌজন্যে ২৩৭ রানের লক্ষ্য ১১৭ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে জিতে যায় মুম্বাই।

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা রোহিত জাতীয় দলের হয়ে এখন কেবল খেলছেন ওয়ানডেতে। এই সংস্করণে দারুণ ছন্দে আছেন তিনি। ভারতের জার্সিতে ৫০ ওভারের সবশেষ ছয় ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৩৪৮ রান করেছেন রোহিত।