২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের টেস্ট দলেও কাজ করতে আগ্রহী পিটারসেন

তবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, নিজের ব্যস্ততার কারণে পূর্ণকালীন দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

ইংল্যান্ডের টেস্ট দলেও কাজ করতে আগ্রহী পিটারসেন

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুক (মাঝে) ও টেস্ট দলের কোচ স্টিভেন ফ্লেমিংয়ের (ডানে) সঙ্গে কেভিন পিটারসেন (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 08:10 PM

Updated : 25 Sep 2026, 08:10 PM

সাদা বলের পর এবার ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গেও কাজ করার সুযোগ এসেছে কেভিন পিটারসেনের সামনে। নতুন কোচ স্টিভেন ফ্লেমিংয়ের প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান। তবে তিনি জানিয়েছেন, নিজের ব্যস্ত সূচির কারণে পূর্ণকালীন দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

স্বল্পমেয়াদে রঙিন পোশাকের দলের পরামর্শক হিসেবে কাজ করার বিষয়ে পিটারসেনকে গত মাসে ফোন করে তার আগ্রহের কথা জানতে চান ইংলিশদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ‘ইন অ্যান্ড আউট’ভিত্তিতে দলটির সঙ্গে কাজ করবেন পিটারসেন।

সেই দায়িত্ব শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ দিয়ে। যেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি। হেডিংলিতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ওয়ানডে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিটারসেন বলেন, ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ফ্লেমিংয়ের সঙ্গেও তার কথা হয়েছে।

টেস্ট দলের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর এবং ২০২৭ সালের অ্যাশেজের আগে টেস্ট দলের ব্যাটসম্যানদের প্রস্তুতিতে কিছুটা ভূমিকা রাখতে চান পিটারসেন।

খেলা ছাড়ার পর মূলত ধারাভাষ্যকার হিসেবেই কাজ করছেন পিটারসেন। পাশাপাশি তার কিছু ব্যবসায়িক ব্যস্ততাও রয়েছে। চলতি বছরের শুরুতে ‘দা সুইচ’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছেন তিনি। এসব ব্যস্ততার কারণে কোচিংয়ে খুব বেশি সময় দেওয়া তার পক্ষে কঠিন। তবে ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

আগামী গ্রীষ্মের অ্যাশেজের শেষ দিকে থাকতে পারবেন না পিটারসেন, “আমি আফ্রিকায় যাব এবং তিন-চার সপ্তাহ প্রাণীদের সঙ্গে সময় কাটাব।”

তবে টেস্ট ব্যাটিং নিয়ে এরই মধ্যে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন তিনি।

“স্টিভেন ফ্লেমিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তবে এর মানে এই নয় যে, আমাকে ড্রেসিং রুমে (দলের সঙ্গে) থাকতে হবে। অ্যাশেজ সিরিজের আগে অনেক সময় আছে। দক্ষিণ আফ্রিকা সফরের আগেও অনেক সময় আছে। অস্ট্রেলিয়ায় আমি টেস্ট দলের ব্যাটসম্যানদের সঙ্গে থাকব, সেখানেও অনেক বিষয় নিয়ে কথা বলা সম্ভব।

“কোনো টুর্নামেন্ট চলাকালে আমি কিছু করতে পারব না। সত্যিই কিছু করার নেই। তবে ফ্লেম (ফ্লেমিং), যাকে আমার ভীষণ পছন্দ, তার সঙ্গে কথা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর এবং পরের গ্রীষ্মের জন্য টেস্ট দলের ব্যাটসম্যানদের আমার মাধ্যমে কী ধরনের বার্তা দিতে চান, তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তবে এর চেয়ে বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না।”