‘২০১৭ সালের হাসান আলি ফিরে এসেছে’
দীর্ঘদিন পর পাকিস্তানের জার্সিতে ফিরেই বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন হাসান আলি, তার বোলিং দেখে অধিনায়ক সালমান আলি আগার মনে পড়ছে ২০১৭ সালের সেই দুর্দান্ত পারফরম্যান্সকে।
সবুজ জার্সির ওপর সাদা ব্লেজার। গায়ে জড়ানো পাকিস্তানের পতাকা। ট্রফি উঁচিয়ে মাঠময় ছুটে বেড়াচ্ছেন। হাসান আলির ক্যারিয়ার ভাবলে সম্ভবত ওই দৃশ্যটিই লোকের চোখে বেশি ভেসে ওঠে। এরপর পেরিয়ে গেছে আরও প্রায় আট বছর। ক্যারিয়ারে আরও অনেক ম্যাচ তিনি খেলেছেন। কিন্তু ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিই এখনও তার ক্যারিয়ারের পরিচায়ক। ফাইনালে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। আসরজুড়ে দুর্দান্ত বোলিং করে হয়েছিলেন ম্যান অব দা টুর্নামেন্টও।
শুধু ওই আসরই নয়, ওই গোটা বছরই দুর্দান্ত কেটেছিল হাসানের। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের সেরা পেসারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। সেই বছরের মতো পারফরম্যান্স আর পরে দেখাতে পারেননি তিনি। তবে এবারের পিএসএল ও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার মনে পড়ে যাচ্ছে সেই ২০১৭ সালের হাসান আলিকে!
পিএসএলে এবার ১৭ উইকেট নিয়েছেন হাসান, আসরের যা দ্বিতীয় সর্বোচ্চ। সেই পারফরম্যান্স তাকে এক বছর পর ফিরিয়েছে জাতীয় দলে। ফেরার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ৩০ রানে ৫ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকার করা মাত্র দ্বিতীয় পাকিস্তানি পেসার তিনি। আগে পেরেছিলেন কেবল উমার গুল। সাবেক এই পেসার দুই দফায় এই স্বাদ পেয়েছিলেন, একবার ২০০৯ সালে, পরে ২০১৩ সালে। হাসান ঘোচালেন ১২ বছরের অপেক্ষা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সালমান বললেন, এই হাসানকে দেখে যেন পুরোনো সেই ক্ষুরধার হাসানকেই দেখছেন তারা। পাকিস্তান অধিনায়ক তুলে ধরলেন ছন্দে ফিরতে ৩০ বছর বয়সী পেসারের অক্লান্ত প্রচেষ্টাও।
“সবাই বলছে, ২০১৭ সালের হাসান আলি ফিরে এসেছে। সে সত্যিকার অর্থেই ও দারুণভাবে ফিরেছে। আমি তাকে দেখেছি এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) কঠোর পরিশ্রম করতে। দিনে দুই বেলা করে আসত সে। রমজানের সময় সেখানে গিয়ে ইফতার করে ১১-১২টা পর্যন্ত অনুশীলন করত।”
“তার পরিশ্রমের ফল পাচ্ছে এখন। পিএসএলে সে ভালো বোলিং করেছে, আজকেও যেভাবে বোলিং করেছে, আমি তার তো দারুণ খুশি। সে সত্যিকার অর্থেই ফিরে এসেছে।”
২০১৭ সালে মাত্র ১৮ ওয়ানডে খেলেই ৪৫ উইকেট নিয়েছিলেন হাসান। ইনিংসে ৫ উইকেট ছিল ৩ ম্যাচে। সেই সময়ের ২২ বছরের তরুণ এখন নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ ৩০ ছড়িয়ে যাওয়া একজন। মাঝের সময়টায় তার ক্যারিয়ারে উত্থান-পতন এসেছে অনেক। একসময় তিন সংস্করণেই তিনি ছিলেন দলে অপরিহার্য। চোট আর ফর্মহীনতা মিলিয়ে ক্রমে অনিয়মিত হয়ে পড়েন দলে। এক সময় দল থেকে চলে যান বেশ দূরে। পরে নানা সংস্করণে আসা-যাওয়ার পালা চলতে থাকে।
এবার পাকিস্তানের জার্সিতে ফিরলেন এক বছর পর। শুধু ফর্মহীনতা নয়, গত কিছুদিনে চোটও তাকে ভুগিয়েছে বেশ। এরপর পুনবার্সনের ক্লান্তিকর প্রক্রিয়া তো ছিলই। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট শিকারের পর হাসান শোনালেন তার যুদ্ধ জয়ের গল্প।
“এটা একট বিরক্তিকর প্রক্রিয়া। পুনবার্সন একটি দীর্ঘ ও বিরক্তিকর প্রক্রিয়া। এটার জন্য নিবেদন প্রয়োজন, তাড়না ও মানসিক শক্তি প্রয়োজন। এসবই মাথায় ছিল আমার। ধৈর্য তো লাগেই। সবকিছু মিলিয়েই সম্ভব করেছি।”
“ক্যারিয়ারঘাতী চোট ছিল সেটি। আমি পিসিবির প্রতি কৃতজ্ঞ, ফিজিও এবং অন্য যারা দিনরাত কাজ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। তাদের কারণেই আজকে আমি এখানে দাঁড়িয়ে।”
বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে দারুণ কিছু স্লোয়ার ও কাটার তিনি করেছেন, আবার গতিময় শর্ট বলে ব্যাটসম্যানদের বিভ্রান্তও করেছেন। হাসান জানালেন, বৈচিত্র কাজে লাগানোর পরিকল্পনাই তার ছিল।
“টি-টোয়েন্টি ক্রিকেট এখন এমন অবস্থা যে, ব্যাটসম্যানদের খেলা হয়ে দাঁড়িয়েছে এবং ব্যাটসম্যানরা গতি পছন্দ করে, বল ব্যাটে আসা পছন্দ করে। এজন্য আমার কাছে যখন এত বৈচিত্র আছে, সেসবের সঠিক প্রয়োগ করা উচিত। পিএসএলেও এটি আমার চেষ্টা ছিল। আমি চেষ্টা করেছি পরিকল্পনা সাধারণ রাখতে ও পরিকল্পনার প্রয়োগ ঠিক সময়ে করতে। এজন্য সাফল্য মিলেছে।”
