সেই ব্যর্থতার বৃত্তেই বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ৪৮ রানে হেরেছে সাকিব আল হাসানের দল।
১০ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ৮৭, বাংলাদেশের ৯০। এরপরও স্বাগতিকদের রানের ধারেকাছে যেতে পারেনি সাকিব আল হাসানের দল। অধিনায়ক নিজে অবশ্য খেলেছেন দারুণ এক ইনিংস। তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের।
ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ম্যাচে বুধবার ৪৮ রানে হেরেছে সফরকারীরা। নিউ জিল্যান্ডের ২০৮ রান তাড়ায় থমকে গেছে ১৬০ রানে। তাদের এই হারে স্বাগতিকদের সঙ্গে পাকিস্তানেরও ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে।
হ্যাগলি ওভালে এদিন খেলা হয় নতুন উইকেটে। স্পিনারদের খুব একটা সহায়তা ছিল না। ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ সহায়ক। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির আলিরা।
টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ওভার থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয় নিউ জিল্যান্ড। সুর বেঁধে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। বিস্ফোরক ইনিংসে সঙ্গত করেন গ্লেন ফিলিপস। তার খুনে ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১২১ রান যোগ করে নিউ জিল্যান্ড।
কিউইদের পুরো ইনিংসে নিয়মিত বাউন্ডারি হজম করেছে বাংলাদেশের বোলাররা। পুরো ইনিংসে মাত্র তিনটি ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি নিউজিল্যান্ড। সব মিলিয়ে তাদের ইনিংসে ১৩ চারের পাশে ছক্কা ১১টি।
তৃতীয় ওভারে ইবাদত হোসেনকে দুটি ছক্কা মেরে মূলত স্বাগতিকদের রানের গতি বাড়ান অ্যালেন। তাকে বেশি দূর যেতে দেননি শরিফুল ইসলাম। ওপেনারকে উইকেট ছেড়ে বের হতে দেখে লেংথ খানিকটা টেনে দেন শরিফুল। তাতেই টাইমিংয়ে গড়বড়। অ্যালেনের করা পুল শট উঠে যায় আকাশে। দীর্ঘক্ষণ বলের ওপর নজর রেখে শেষ মুহূর্তে বাম দিকে হালকা ঝাঁপিয়ে সেটি মুঠোয় নেন ইয়াসির।
ভাঙে ২৬ বল স্থায়ী ৪৫ রানের উদ্বোধনী জুটি। যেখানে অ্যালেনের অবদান ১৯ বলে দুই ছক্কা ও তিন চারে ৩২।
তিনে নেমে মার্টিন গাপটিল ছিলেন মন্থর। তবে অন্য প্রান্তে কনওয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সচল থাকে রানের চাকা।
প্রথম ১৮ বলে গাপটিল করেন কেবল ১৩ রান। এরপর মনোযোগ দেন রানের গতি বাড়ানোর দিকে। অন্য প্রান্তে কনওয়ে টি-টোয়েন্টিতে ষষ্ঠ ফিফটিতে পৌঁছান ৩০ বলে। বাংলাদেশের বিপক্ষে এটি তার তৃতীয় ফিফটি।
যখন মনে হচ্ছিল নিজেকে ফিরে পেয়েছেন, তখনই ইবাদতের ফুলটসে ক্যাচ দিয়ে ফিরে যান গাপটিল। ভাঙে ৫৪ বল স্থায়ী ৮২ রানের জুটি।
ষোড়শ ওভারে সাকিবকে দুই ছক্কায় ওড়ান গ্লেন ফিলিপস। ওভার থেকে আসে ১৮ রান। পরের ওভারে কনওয়ে ও মার্ক চাপম্যানকে বিদায় করে দেন সাইফ। ৪০ বলে তিন ছক্কা ও পাঁচ চারে কনওয়ে খেলেন ৬৪ রানের চমৎকার ইনিংস।
তবে জোড়া উইকেটের পরও মোমেন্টাম পায়নি বাংলাদেশ। ২৪ বলে পাঁচ ছক্কা ও দুই চারে দলকে ২০৮ রানে নিয়ে যান ফিলিপস। বাংলাদেশের বিপক্ষে এটি নিউ জিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত বছরের মার্চে হ্যামিল্টনে ২১০ রান করেছিল তারা।
মেহেদী হাসান মিরাজ না থাকায় ও সৌম্য সরকার ফেরায় ওপেনিং কারা নামেন এ নিয়ে ছিল কৌতুহল। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস উদ্বোধন করেন লিটন দাস। মাঝে কিছু দিন টপ অর্ডারে খেলা ডানহাতি এই ব্যাটসম্যান শুরু থেকেই ছিলেন স্বচ্ছন্দ।
অন্য প্রান্তে ভুগছিলেন শান্ত। শূন্য ও ১০ রানে দুবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া বাঁহাতি এই ব্যাটম্যানের ভোগান্তি শেষ হয় অ্যাডাম মিল্নের বলে বোল্ড হয়ে।
দারুণ শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি লিটন ও সৌম্য। অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েলের বলে সীমানায় ক্যাচ দেন লিটন। মিল্নের বাউন্সারে আপার কাট করে থার্ড ম্যানে ধরা পড়েন সৌম্য।
এরপর প্রায় একাই দলকে টানেন সাকিব। আগের ম্যাচে সাত নম্বরে নামা বাংলাদেশ অধিনায়ক সফল চারে নেমে। ৪৪ বলে এক ছক্কা ও আট চারে খেলেন ৭০ রানের ইনিংস।
ক্রিজে যাওয়ার পর থেকেই অভিপ্রায় দেখান বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে তাকে সঙ্গ দিতে পারেননি আফিফ, সোহান, ইয়াসিররা। তাতে আরেকটি বড় পরাজয়ই বাংলাদেশের সঙ্গী হয়।
২৪ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার মিল্ন। দুটি করে উইকেট নেন কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া টিম সাউদি ও ব্রেসওয়েল।
বৃহস্পতিবার একই মাঠে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২০৮/৫ (অ্যালেন ৩২, কনওয়ে ৬৪, গাপটিল ৩৪, ফিলিপস ৬০, চ্যাপম্যান ২, নিশাম ৬*, ব্রেসওয়েল ০*; সাইফ ৪-০-৩৭-২, শরিফুল ৪-০-৪১-১, ইবাদত ৪-০-৪০-২, সাকিব ৪-০-৪০-০, সৌম্য ২-০-২১-০, মোসাদ্দেক ২-০-২৪-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৬০/৭ (শান্ত ১১, লিটন ২৩, সৌম্য ২৩, সাকিব ৭০, আফিফ ৪, সোহান ২, ইয়াসির ৬, মোসাদ্দেক ৯*, সাইফ ৩*; বোল্ট ৪-০-২২-০, সাউদি ৪-০-৩৬-২, মিল্ন ৪-০-২৪-৩, ব্রেসওয়েল ৪-০-৩৯-২, সোধি ৪-০-৩৩-০)
ফল: নিউ জিল্যান্ড ৪৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস
