২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ম্যাচে ৪৩০, গিলের আরও অনেক কীর্তি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এক ম্যাচে গিলের চেয়ে বেশি রান করতে পেরেছেন স্রেফ একজন।

ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ম্যাচে ৪৩০, গিলের আরও অনেক কীর্তি
আরও একটি সেঞ্চুরি করে ও অনেক রেকর্ডে নাম লিখিয়ে শুবমান গিলের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 10:36 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

টেস্ট নেতৃত্বে ব্যাট হাতে অবিশ্বাস্য পথচলায় আরেকটি দুর্দান্ত ইনিংস খেললেন শুবমান গিল। একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ভারত অধিনায়ক নাম লেখালেন আরও অনেক রেকর্ডে। 

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে এই যুগলের স্বাদ পেয়েছেন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর চতুর্থ দিন ১৬২ বলে ১৬১ রান করেছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ম্যাচে তার মোট রান ৪৩০।

৯

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে স্রেফ নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই স্বাদ পান কেবল সুনিল গাভাস্কার। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।

অধিনায়ক হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের আগে করতে পারেন শুধু গুচ।

১

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার গিল।

২

একই টেস্টে দুটি দেড়শ ছোঁয়া ইনিংস খেলা দ্বিতীয় ক্রিকেটার গিল। ১৯৮০ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টে এই স্বাদ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার (১৫০* ও ১৫৩)। 

৩

ভারতীয় অধিনায়কদের মধ্যে গিলের আগে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করতে পারেন শুধু গাভাস্কার (১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতা টেস্টে) ও ভিরাট কোহলি (২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে)। 

৫

এক টেস্টে চারশ বা এর বেশি রান করতে পারা পঞ্চম ক্রিকেটার গিল। এক টেস্টে তার চেয়ে বেশি রান আছে শুধু গুচের (৪৫৬)।

বাকি তিন জন মার্ক টেইলর (৪২৬), সাঙ্গাকারা (৪২৪) ও ব্রায়ান লারা (৪০০)। 

দেশের বাইরে এক টেস্টে সর্বোচ্চ রান অবশ্য গিলের এই ৪৩০। এখানে আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ান অধিনায়ক টেইলরের ৪২৬, পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে ১৯৯৮ সালে।

১

স্বাভাবিকভাবে ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড।

১

উপমহাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক টেস্টে তিনশর বেশি রান করলেন গিল। ১৯৭১ সালে এজবাস্টনেই পাকিস্তানের জাহির আব্বাসের ২৭৪ রান ছিল আগের সর্বোচ্চ।

২

নেতৃত্বের প্রথম দুই টেস্টে গিলের সেঞ্চুরি হলো তিনটি। টেস্ট ইতিহাসে তার আগে এমন কিছু করতে পারেন শুধু কোহলি।

১

নেতৃত্বের প্রথম দুই টেস্টে পাঁচশ রান করা প্রথম ক্রিকেটার হলেন গিল। এখানে আগের সর্বোচ্চ ছিল কোহলির ৪৪৯ রান। ৪২৯ রান নিয়ে তিনে আছেন গাভাস্কার, ৩৬৭ রান নিয়ে চারে স্টিভেন স্মিথ।

এই সিরিজ দিয়ে নেতৃত্বের অভিষেক হওয়া গিলের রান এখন ৫৮৫। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডে এক সিরিজে তার চেয়ে বেশি রান আছে দুজনের- ২০১৮ সালে কোহলির ৫৯৩ ও ২০০২ সালে রাহুল দ্রাবিড়ের ৬০২।

চলতি সিরিজে টেস্ট বাকি এখনও তিনটি। গিল যেভাবে ছুটছেন, নতুন চূড়ায় ওঠা তার জন্য স্রেফ সময়ের ব্যাপার।

গিলের দ্বিশতক ও দেড়শর কীর্তির পর চাপে ইংল্যান্ড