২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি রেকর্ডে তামিমকে পেছনে ফেললেন মুশফিক

দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তির পর সবচেয়ে বেশি রানের রেকর্ডও নিজের করে নিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 03:44 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

সেঞ্চুরি করেই একটি রেকর্ডে তামিম ইকবালকে ছাড়িয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। থমকে যাননি তিনি সেখানেই। আরও এগিয়ে গিয়ে আরেকটি রেকর্ডে দীর্ঘদিনের সতীর্থকে দুইয়ে নামিয়ে দিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দেশের বাইরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ডও এখন মুশফিকের।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে রেকর্ডটি নিজের করে নেন মুশফিক। ১৪০ রানের সময় তিনি পেরিয়ে যান তামিমকে।

৫৯ ইনিংসে ২ হাজার ৩২৯ রান করে রেকর্ডটি এতদিন ছিল তামিমের। কাছের বন্ধুকে ছাড়িয়ে যেতে মুশফিকের লাগল ৬৭ ইনিংস।

দেশের বাইরে বাংলাদেশের হয়ে দুই হাজার রান নেই আর কারও। ৫৫ ইনিংসে ১ হাজার ৬৩৭ রান নিয়ে তিনে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। ৪৩ ইনিংসে সাকিব করেছেন ১ হাজার ৫২৬ রান, ৬৫ ইনিংসে মোহাম্মদ আশরাফুলের রান ১ হাজার ৫১৮। 

দিনের প্রথম সেশনে সেঞ্চুরি স্পর্শ করে তামিমের শতরানের রেকর্ড ছাড়ান মুশফিক। দেশের বাইরে তার শতক এখন ৫টি। তামিমের সঙ্গে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি ৪ সেঞ্চুরিতে।

এছাড়া এই ইনিংসের পথেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক।

এই প্রতিবেদন লেখার সময় দেড়শ রান পেরিয়ে গেছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে সাত টেস্টে তার প্রথম সেঞ্চুরি এটি। পাকিস্তানের মাঠে সেঞ্চুরির স্বাদ পেলেন প্রথম টেস্ট খেলতে নেমেই।