১১ জনই বোলার, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম নজির
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আগে আর দেখা যায়নি।
দলের প্রয়োজনে অনেক সময় হাত ঘোরাতে হয় অনেককেই। তবে দিল্লি যেমন দেখাল, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তেমন কিছু দেখা যায়নি আগে। মানিপুরের বিপক্ষে বোলার হয়ে গেলেন তাদের সবাই। তাতে গড়া হয়ে গেল অনন্য এক কীর্তি।
ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোলিং করেন দিল্লির একাদশের সবাই। টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ জনের বোলিং করার প্রথম ঘটনা এটি।
দিল্লির নিয়মিত বোলারাই বোলিং শুরু করেন এবং প্রতিপক্ষকে চেপে ধরেন। এমন নয় যে, সব বোলারের বোলিং করা খুব জরুরি ছিল। দুর্বল মানিপুরকে চাপে দেখেই হয়তো একটু বাড়তি রোমাঞ্চের পথ বেছে নেন অধিনায়ক আয়ুশ বাদোনি।
দুর্বল প্রতিপক্ষ পেয়ে এ দিন চার অভিষিক্তসহ একদম তরুণ দল নিয়ে মাঠে নামে দিল্লি।
দিল্লির কোনো বোলার চার ওভার বোলিং করেননি। তিন বোলার বোলিং করেন তিন ওভার করে, দুই ওভার করে তিন জন। বাকি পাঁচজন করেন এক ওভার করে।
স্বীকৃত ক্রিকেটে ১২৯তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন কিপার আনুজ রাওয়াত। তার এক ওভার থেকে আসে ১৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বোলিং করেন ইয়াশ ধুল ও আইপিএলের নিলামে ঝড় তোলা প্রিয়ান্শ আরিয়া। এছাড়াও এক ওভার করে বল করেন অভিষিক্ত আখিল চৌধুরি, আরিয়া রানা, আয়ুশ সিং ও দিগভেশ রাঠি।
মানিপুর অবশ্য তেমন কোনো জবাব দিতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানেই আটকে যায় তারা। অনভিজ্ঞ একাদশ নিয়ে দিল্লির অবশ্য জিততে বেগ পেতে হয় ভালোই। ওপেন করতে নেমে ৫১ বলে ৫৯ রান করে দলকে জিতিয়ে ফেরেন ইয়াশ ধুল। ৯ বল বাকি রেখে ৪ উইকেটে জেতে দিল্লি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ জন বোলারের বোলিং করার ঘটনাও আগে কখনও ছিল না। এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৯ বোলার। ৩২ বার দেখা গেছে ৯ বোলারের বোলিং।
