২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন সময়ে দেশের মানুষের মুখে হাসি ফোটানোর তৃপ্তি শান্তর

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে ভয়াবহ বন্যায় কঠিন সময়ের মধ্যে থাকা দেশের মানুষের মুখে হাসি ফুটবে মনে করেন নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 07:42 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

টেস্ট সিরিজ খেলতে যখন দেশ ছাড়েন নাজমুল হোসেন শান্তরা, তখনও কাটেনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার আগেই অন্তত ১২টি জেলায় আঘাত হানে ভয়াবহ বন্যা। পরপর দুটি ঘটনায় বাড়তে থাকে মানুষের দুর্ভোগ, ভোগান্তি পৌঁছে যায় চরমে। 

দেশের এই সংকটময় পরিস্থিতির মাঝে পাকিস্তানে বিজয় নিশান ওড়ালেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসরা। সিরিজের দুই টেস্টই জিতে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ দল। অধিনায়ক শান্তর আশা, এই সাফল্যে কিছুটা হলেও আনন্দ পাবে দুর্ভোগ-ভোগান্তি পোহানো দেশের জনগণ।

সিরিজ শুরুর আগে এমন অর্জন কল্পনা করাও ছিল দুষ্কর। প্রথমত, ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হার। তার ওপর পাকিস্তানের মাঠে কোনো সংস্করণেই ছিল না কোনো সুখস্মৃতি। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের ১২টিতে হার, অন্যটি ড্র। তবু নিজেদের প্রস্তুতিতে আস্থা রেখে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে শান্ত বলেন, 'রেকর্ড তো বদলাতেই পারে।' 

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে পাকিস্তানের বিপক্ষে ১২-০ থাকা পরিসংখ্যানে নিজেদের খাতাও খোলে শান্তর দল। একই মাঠে পরের ম্যাচটি জিতে পাকিস্তানের মাটিতে তাদেরকে টেস্টে হোয়াইটওয়াশ করা বিশ্বের দ্বিতীয় দল হয়ে যায় বাংলাদেশ। এছাড়া প্রথমবারের মতো দেশের বাইরে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে সিরিজ জিতল তারা। 

যে কোনো বিচারে এই সাফল্য অনেক বড়, খুবই স্পেশাল। সিরিজ শেষে আনন্দের মাঝেও দেশের কথা ভোলেননি শান্ত। এই অর্জনে কঠিন সময়ের মধ্যে থাকা দেশের ক্রিকেট-পাগল জনগণের মুখে হাসি ফুটবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। 

“আমি সেদিনও (সিরিজ শুরুর আগে) বলেছিলাম কথাটা (পাকিস্তানের বিপক্ষে আগের রেকর্ড ভাঙা)। আমার মনে হয়, এই জয়টা দেশের মানুষের জন্য অনেক আনন্দ বয়ে আনবে। কারণ যেভাবে গত কিছু দিন ধরে বন্যা বলেন, আন্দোলনটা বলেন... অনেক মানুষের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।” 

“আমরা যেভাবে ম্যাচটা খেললাম, আমার মনে হয় যে, একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। আমরা সবাই জানি, আমাদের দেশের মানুষ ক্রিকেটের জন্য কতটা পাগল। আমরা ম্যাচ হারলেও সবাই যেভাবে আমাদের সমর্থন করে। তাই আমাদের ওটাই চেষ্টা ছিল, কীভাবে দেশের মানুষকে আমরা কিছু দিতে পারি। আমার মনে হয়, আমরা ভালো কিছু করতে পেরেছি।”

একদমই সহজ ছিল না পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়। পুরো সিরিজে বারবার পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখে স্থানীয় সংবাদমাধ্যমের বাহবা কুড়ায় শান্তর দল। সিরিজ শেষে এর পেছনের রহস্যটা জানতে চান পাকিস্তানের এক সাংবাদিক। তখন নিজ দলের বিশ্বাসের মন্ত্র শোনান বাংলাদেশ অধিনায়ক। 

“আমি মনে করি, বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা ক্রিকেটার বিশ্বাস করে আমরা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারি। আপনারা জানেন, মিরাজ ৮ নম্বরে ব্যাটিং করে। আমাদের যে ব্যাটিং গভীরতাটা আছে, আমরা বিশ্বাস করি যে, কেউ যদি থিতু হতে পারে, বড় স্কোর করবে। তো প্রত্যেকের মধ্যে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর এই বিশ্বাস থাকাটা খুব গুরুত্বপূর্ণ।”

প্রথম টেস্ট ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয়টি বাংলাদেশ জেতে ৬ উইকেটে। অপরাজিত থেকে দলের জয় নিয়ে ফেরেন অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই দুজন শেষ মুহূর্ত পর্যন্ত উইকেটে থাকায় ইতিহাস গড়া জয়ের আনন্দ আরেকটু বেড়ে গিয়েছিল, বললেন শান্ত।

“সাকিব-মুশফিক ভাই যখন ব্যাটিং করছিলেন, ড্রেসিং রুম থেকে আমরা সবাই চাচ্ছিলাম, উনারা দুজনই যেন ম্যাচটা শেষ করেন। এত বছর ধরে উনারা বাংলাদেশের হয়ে খেলছেন। কত ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এই ধরনের ম্যাচ জেতা অনেক স্পেশাল। আমরা সবাই তাই চাচ্ছিলাম। আমরা সবাই অনেক খুশি।”