‘ফাইনালে দেখা যাবে’, ভারত অধিনায়কের বিদ্রুপের জবাবে আফ্রিদি
পাকিস্তানের তারকা পেসার বললেন, যেকোনো প্রতিপক্ষকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলতে প্রস্তুত তারা।
‘ভারত-পাকিস্তান ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই’, সুরিয়াকুমার ইয়াদাভের এমন মন্তব্যের জবাবে যেন একরকম হুমকি দিলেন শাহিন শাহ আফ্রিদি। চিরপ্রতিদ্বন্দ্বীদের এশিয়া কাপের ফাইনালে দেখে নেওয়ার কথা বললেন পাকিস্তানের তারকা পেসার।
চলতি এশিয়া কাপের ফাইনাল অবশ্য এখনও নিশ্চিত করতে পারেনি কোনো দল। তবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্রতিবেশি দুই দেশের মুখোমুখি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
তেমনটাই হলে, এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেখা যাবে ভারত-পাকিস্তান ফাইনাল।
সুরিয়াকুমারের নেতৃত্বে এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছে ভারত। শিরোপার দাবিদার মনে করা হচ্ছে তাদেরকেই। আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দলটি। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা।
পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে ভারতের একতরফা দাপট চলছে বেশ কয়েক বছর ধরেই; ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের জয়ের পর সব সংস্করণ মিলিয়ে ভারত জিতেছে টানা সাত ম্যাচ।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় ১২টি, পাকিস্তানের মোটে ৩টি। ওয়ানডে ইতিহাসে দুই দলের লড়াইয়ে অবশ্য এখনও এগিয়ে পাকিস্তান। তবে গত ২০ বছরে বদলে গেছে চিত্র। ২০০৫ সাল পর্যন্ত পাকিস্তানের জয় ছিল ৬২টি, ভারতের ৩৫টি। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত ভারত জিতেছে ২৩টি, পাকিস্তান ১১টি। দুই দলের সবশেষ টানা ছয় ওয়ানডেতেই জয় ভারতের।
গত রোববার পাকিস্তানকে অনায়াসে হারানোর পর সংবাদ সম্মেলনে সুরিয়াকুমার বলেন, “আমার মনে হয় ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া উচিত।”
দুই দলের দ্বৈরথে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখেন না তিনি।
সুপার ফোরে মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। বাঁচা-মরার ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে তারা। গত দুই ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করা পাকিস্তান বুধবার আফ্রিদিকে সংবাদ সম্মেলনে পাঠায়। সেখানে অবধারিতভাবেই ওঠে সুরিয়াকুমারের মন্তব্যের প্রসঙ্গ।
“তাকে (সুরিয়াকুমারকে) যা ইচ্ছা বলতে দিন। তারা এখনও ফাইনালে ওঠেনি, আমরাও না। যখন দুই দল ফাইনালে উঠবে, তখন দেখা যাবে। আমরা এখানে ফাইনাল জিততে, এশিয়া কাপ জিততে এসেছি। যেকোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত আমরা। তাদেরকে হারাব আমরা।”
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। আগামী শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
