২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের সময় লিটনদের ফিটনেস ক্যাম্প, বিদেশি কোচরা ফিরবেন ‘নির্বাচনের পর’

বিশ্বকাপে না যাওয়ায় ফাঁকা সময়টায় ফিটনেস ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি, বাড়তি ছুটি পেয়েছেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 06:43 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ছুটি কাটিয়ে ফিল সিমন্স ঢাকায় ফিরেছিলেন একটু আগেভাগেই। বিপিএলের শেষ দিকের খেলা দেখেছেন। বিশ্বকাপ পরিকল্পনার ছবি এঁকেছেন। সেই বিশ্বকাপই ভেস্তে গেছে। বাংলাদেশ দলের প্রধান কোচ তাই পেয়ে গেছেন অপ্রত্যাশিত ছুটি। কোচিং স্টাফের অন্য বিদেশি সদস্যরাও পেয়ে গেছেন বাড়তি ছুটি। সবাইকে বলা হয়েছে, ফেরার প্রয়োজন নেই এখনই।

কবে নাগাদ ফিরবেন তারা?

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ ও সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, “সুনির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে কোচরা সবাই ফিরবেন জাতীয় নির্বাচনের পর। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে যোগ দেবেন তারা।”

কোচরা আপাতত ছুটিতে থাকলেও জাতীয় ক্রিকেটারদের এত লম্বা ছুটি দেওয়ার ভাবনা নেই বিসিবির। কিছু এখনও চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য পরিকল্পনা জানালেন শাহরিয়ার, “ক্রিকেটাদের একটা ফিটনেস ক্যাম্প হতে পারে। দেশের কোচ-ট্রেনাররা তো আছেনই। দু-তিন দিনের মধ্যেই আপনারা বিস্তারিত জানতে পারবেন।”

এই পরিকল্পনা চূড়ান্ত হলে ভারত-শ্রীলঙ্কায় যখন বিশ্বকাপ চলতে থাকবে, বাংলাদেশের ক্রিকেটাররা তখন দেশে ফিটনেস ক্যাম্প করবেন। 

সব ঠিকঠাক থাকলে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে এখন ভারতে থাকার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ভেন্যু বদলাতে বিসিবির দাবিতে রাজি হয়নি আইসিসি। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়ে গেছে স্কটল্যান্ড। 

বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ বিশ্বকাপের পর দেশের মাঠে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি হবে  ১২ , ১৪ ও ১৬ মার্চ। পাকিস্তান সুপার লিগের কারণে পাকিস্তানের সফরটি হবে দুই ভাগে। মার্চে ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ মে মাসে। ভবিষ্যৎ সফর সূচীতে টি-টোয়েন্টি সিরিজও ছিল। তবে পরিবর্তিত সূচিতে তা বাদ হয়ে গেছে। 

এখন অপ্রত্যাশিত ছুটি পেয়ে ক্রিকেটারদের কেউ গ্রামের বাড়িতে, কেউ নানা জায়গায় নিজের মতো সময় কাটাচ্ছেন। তবে মনের কোণে শঙ্কার ছায়াও আছে। বিশ্বকাপ দলে না থাকলেও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কদিন আগে সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্বকাপ না খেলার প্রেক্ষিতে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে তাদের।

নির্বাচনের আগে ঘরোয়া ক্রিকেটেও উল্লেখযোগ্য কোনো আসর কিংবা নতুন কোনো টুর্নামেন্ট হচ্ছে। নির্বাচনের পর বিসিএলের একদিনের ম্যাচের টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আছে বোর্ডের। নিচু সারির দু-একটি লিগ বাদ দিলে আপাতত তাই কিছুটা স্থবিরতাই থাকছে বাংলাদেশের ক্রিকেটে।