২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: চতুর্থ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গিয়ে বাংলাদেশের বড় হার

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 09:56 AM

Updated : 26 Aug 2026, 10:31 AM

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৭৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯

ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৬২.১ ওভারে ২৩৪

২৮০ রানে হারল বাংলাদেশ

রবিচন্দ্রন অশ্বিনের আগের ওভারেই ফিরতে পারতেন হাসান মাহমুদ। রোহিত শার্মা রিভিউ না নেওয়ায় বেঁচে যান তিনি। তবে রবীন্দ্র জাদেজার বলে আর বাঁচতে পারেননি। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ৭ রান করা হাসান।

একইসঙ্গে ২৩৪ রানে গুটিয়ে বাংলাদেশ। ২৮০ রানের জয় পায় ভারত। 

চতুর্থ দিন প্রথম ঘণ্টায় ১৩.২ ওভারে ৩৬ রানে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পানি বিরতির পর মাত্র ১১.১ ওভারে ৩০ রানে বাকি ৬ উইকেট হারিয়ে ফেলল তারা। 

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অশ্বিন এবার নেন ৮৮ রানে ৬ উইকেট। বাঁহাতি স্পিনার জাদেজা পান ৩ উইকেট। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন নাজমুল হোসেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৩৭৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯

ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৬২.১ ওভারে ২৩৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৮২, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ২৫, মিরাজ ৮, তাসকিন ৫, হাসান ৭, নাহিদ ০*; বুমরাহ ১০-২-২৪-১, সিরাজ ১০-৫-৩২-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ২১-০-৮৮-৬, জাদেজা ১৫.১২-৫৮-৩)

অশ্বিনের ষষ্ঠ শিকার তাসকিন

দারুণ শটে বাউন্ডারি মারার পর আর টিকতে পারলেন না তাসকিন আহমেদ। রবিচন্দ্রন অশ্বিনের পরের বল আবারও বড় শট খেলার চেষ্টায় মিড-অনে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরলেন তিনি। 

৪ বলে ৫ রান করেন অশ্বিনের ষষ্ঠ শিকার হওয়া তাসকিন। জয় থেকে ১ উইকেট দূরে ভারত।

৬০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২২৮ রান। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান হাসান মাহমুদ ও নাহিদ রানা।

শান্তকে ফেরালেন জাদেজা

অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। রবীন্দ্র জাদেজার অফ স্টাম্পের অনেক বাইরের বল বড় শট খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক।

এক্সট্রা কভার থেকে কিছুটা দৌড়ে দারুণ ক্যাচ নেন জাসপ্রিত বুমরাহ। ৮ চার ও ৩ ছক্কায় ১২৭ বলে ৮২ রান করে ফেরেন শান্ত।

৫৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২২ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

বোথামের আরও কাছে অশ্বিন

দলের চাপের মুখে প্রথম ইনিংসে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন। পরে বল হাতে প্রথম ইনিংসে পাননি কোনো সাফল্য। তবে দ্বিতীয়বার কোনো ভুল নয়। বাংলাদেশের প্রথম ৭ উইকেটের ৫টিই নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার।

এ নিয়ে চারবার একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট পেলেন অশ্বিন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার রেকর্ড ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের। 

এছাড়া দুইবার করে এই কীর্তি আছে স্যার গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ, জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজার।

অহেতুক শটে ফিরলেন মিরাজ

দ্রুতই অলআউট হওয়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। বাজে শট খেলে ড্রেসিং রুমের পথ ধরেছেন মেহেদী হাসান মিরাজ। রবিচন্দ্রন অশ্বিনের বল ক্রিজ ছেড়ে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন ৮ রান করা মিরাজ। 

৫৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২২২ রান। নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। ১২১ বলে ৮২ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

চলতি ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরির পর এবার বোলিংয়ে ৫ উইকেট নিলেন অশ্বিন। এ নিয়ে চার বার একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিলেন তিনি।

টিকলেন না লিটন

সাকিব আল হাসানের বিদায়ের পর দ্রুতই ফিরলেন লিটন কুমার দাস। রবীন্দ্র জাদেজার অফ স্টাম্পের বাইরে পিচ করে টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বল তার ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে। সহজ ক্যাচ নেন রোহিত শার্মা। ১০ বলে ১ রান করে ফেরেন লিটন। 

৫৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২০৫ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। ১১২ বলে ৭৩ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

আক্রমণে এসেই জুটি ভাঙলেন অশ্বিন

দ্বিতীয় ঘণ্টায় শুরুতেই গুঁড়িয়ে গেল সাকিব আল হাসানের প্রথম ঘণ্টার প্রতিরোধ। রবিচন্দ্রন অশ্বিন বোলিংয়ে আসতেই আউট হয়ে ফিরে গেলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

মিডল-লেগ স্টাম্পের ডেলিভারি সাকিবের ব্যাট-প্যাড ছুঁয়ে শর্ট লেগে সহজ ক্যাচ নেন ইয়াশাসবি জয়সওয়াল। ৩ চারে ৫৬ বলে ২৫ রান করেন সাকিব।

৫২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস।

শান্ত-সাকিবে নির্বিঘ্ন প্রথম ঘণ্টা

প্রায় অসাধ্য সাধনের অভিযানে নতুন দিনের শুরুটা বেশ ভালো করলেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। রোববার প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। 

প্রথম সেশনে এখন পর্যন্ত ১৩.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান। সব মিলিয়ে ৫১ ওভারে তাদের স্কোর ৪ উইকেটে ১৯৪ রান।

রবীন্দ্র জাদেজার বলে একটি স্টাম্পিংয়ের সুযোগ দেওয়া ছাড়া আর ভুল করেননি সাকিব। অন্য প্রান্তে পরম নির্ভরতা দেখাচ্ছেন শান্তও। দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৪৮ রান।

শান্ত ১০৪ বলে ৬৪ ও সাকিব ৫২ বলে ২৫ রানে অপরাজিত।

শান্তকে উত্যক্ত করার চেষ্টায় সিরাজ

আগের দিনের একই নির্ভরতা রোববার সকালেও ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। তার মনোযোগে চিড় ধরানোর চেষ্টায় প্রায় প্রতি ওভারেই কিছু না কিছু বলতে শুরু করেছেন মোহাম্মদ সিরাজ। 

৪৮তম ওভারের পঞ্চম বলে সিরাজ বরাবর ড্রাইভ করেন শান্ত। বল ধরেই থ্রোয়ের ইঙ্গিত করেন সিরাজ। ক্রিজের ভেতরেই থাকা শান্ত হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে, তিনি বাইরে বের হননি।

এর আগে-পরেও টানা চলছে সিরাজের উত্যক্ত করার চেষ্টা। ৫০তম ওভারে সেদিকে পাত্তাই দেননি শান্ত। পঞ্চম বলে লাফানো ডেলিভারি শান্ত ছেড়ে দেওয়ার পর কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন সিরাজ। সেদিকে তাকিয়েও দেখেননি বাংলাদেশ অধিনায়ক।

সুযোগ পেলেন সাকিব

অল্পের জন্য বেঁচে গেলেন সাকিব আল হাসান। রবীন্দ্র জাদেজার বল খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। বল তার ব্যাটের বাইরের কানা ঘেঁষে চলে যায় পেছনে। কিন্তু গ্লাভসে জমাতে পারেননি রিশাভ পান্ত। ফলে স্টাম্পড হওয়া থেকে বেঁচে যান সাকিব। ১৭ রানে থাকা সাকিব।

অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্তর সঙ্গে স্লেজিংয়ে মাতেন মোহাম্মদ সিরাজ। তবে এখন পর্যন্ত দারুণ ধৈর্য দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 

৪৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৭ রান। সাকিব ৪৬ বলে ২১ ও শান্ত ৯২ বলে ৬১ রানে অপরাজিত।

চতুর্থ দিনে লড়াইয়ের আশা

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় চেন্নাই টেস্ট থেকে প্রায় ছিটকেই গেছে বাংলাদেশ। ম্যাচ জেতার জন্য তাদের লক্ষ্য এখন ৫১৫ রানের। তৃতীয় দিন শেষে তারা করেছে ৪ উইকেটে ১৫৮ রান। বাকি ৬ উইকেটে আরও ৩৫৭ রানের লক্ষ্যে রোববার মাঠে নামছে তারা।

পঞ্চাশ ছুঁয়ে ৬০ বলে ৫১ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দেবেন ১৪ বলে ৫ রানে থাকা সাকিব আল হাসান।

ভারতকে ৩৭৬ রানে অলআউট করার পর প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় ভারত। বাংলাদেশের সামনে দাঁড়ায় প্রায় অসম্ভব এক লক্ষ্য।

আলোকস্বল্পতায় শনিবার শেষ দিকে ৪০ মিনিট আগে বন্ধ হয়ে যায় খেলা। রোববারের আবহাওয়ার পূর্বাভাসেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

ভারত ১ম ইনিংস: ৩৭৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯

ভারত ২য় ইনিংস: ৬৪ ওভারে ২৮৭/৪ ডিক্লে.

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫) ৩৭.২ ওভারে ১৫৮/৪ (জাকির ৩৩, সাদমান ৩৫, শান্ত ৫১*, মুমিনুল ১৩, মুশফিক ১৩, সাকিব ৫*; বুমরাহ ৭-২-১৮-১, সিরাজ ৩.২-১-২০-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ১৫-০-৬৩-৩, জাদেজা ৬-০-২৯-০)