৫ রানে ২ উইকেটের পর ২০১ রান তুলে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক
দুই ওপেনারকে দ্রুত হারিয়েও বাংলাদেশের বোলারদের গুঁড়িয়ে লাহোরে প্রথমবার ২০০ স্পর্শ করতে পেরেছে পাকিস্তান।
আগ্রাসী দুই ওপেনারের বিদায় প্রথম দুই ওভারের মধ্যেই! টস জিতে ব্যাটিং নিয়ে পাকিস্তান ভুল করল কি না, এমন ভাবনা জেগে ওঠা অস্বাভাবিক নয়। তবে সেই দলের রান শেষ পর্যন্ত ছাড়িয়ে গেল ২০০! ফিফটি যদিও স্রেফ একটি। তবে কার্যকর অবদান কয়েকজনের। সম্মিলিত এই প্রচেষ্টায় দারুণ তৃপ্তি অধিনায়ক সালমান আলি আগার।
লাহোরে বুধবার বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেন সালমান। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, তারা আগে বোলিংই চেয়েছিলেন। প্রথম ওভারে যখন আউট হলেন সাইম আইয়ুব, পরের ওভারে একই পথ ধরলেন ফাখার জামান, পাকিস্তানের রান তখন ২ উইকেটে ৫।
তবে সালমান নিজেই এরপর নিজের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করলেন। পাকিস্তান অধিনায়ক উপহার দিলেন দারুণ ফিফটি। আরও তিনজনের ব্যাট থেকে এলো টি-টোয়েন্টির উপযোগী ইনিংস। শুরুর ধাক্কা কাটিয়ে ২০১ রানের পুঁজি গড়ে পাকিস্তান ম্যাচ জিতে নিল ৩৭ রানে।
ম্যাচ শেষে সালমান বললেন, জোড়া ধাক্কার পর দল এভাবে ঘুরে দাঁড়ানোয় তিনি দারুণ খুশি।
“৫ রানে ২ উইকেট হারানোর পর এটা অসাধারণ ইনিংস। সবাই কিছু কিছু অবদান রেখেছে এবং সবাই তাড়না দেখিয়েছে। এটিই আমরা তাদের কাছ থেকে চাই।”
সত্যিকার অর্থেই সম্মিলিত অবদানের ইনিংস ছিল এটি। ফিফটি করেন কেবল সালমানই। তিনিও খুব বড় করতে পারেননি ইনিংস। আউট হয়ে যান ৩৪ বলে ৫৬ রান করে। তবে তিনে নামা মোহাম্মাদ হারিসের (১৮ বলে ৩১) পাল্টা আক্রমণে দূর হয় শুরুর ধাক্বা। সেই গতি আরও বাড়ে হাসান নাওয়াজের ব্যাটে (২২ বলে ৪৪)। আর শেষ সময়ের দাবি মেটান শাদাব খান (২৫ বলে ৪৮)।
ফিফটি মোটে একটি। কোনো ব্যাটসম্যান খেলতে পারেননি ৩৫ বল। কিন্তু দলের ঠিক কাজে লাগে ইনিংসগুলো। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমবার ২০০ ছুঁতে পারে পাকিস্তান।
সালমান বললেন, এমন কিছুই দলের কাছ থেকে প্রত্যাশা করছেন তিনি।
“আমরা এটিই চাই, এরকম দলীয় পারফরম্যান্স। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সবই যেন ভালো হয় এবং সবাই যেন কিছু না কিছু করে। ৮০-৯০ রানের ইনিংস আমাদের জরুরি নয়। হ্যাঁ, কেউ করতে পারলে তো দারুণ, তবে সেটি না হলেও আমরা চাই সবাই যেন মাঠে নেমে খেলাটাকে এগিয়ে নেয় ও প্রতিপক্ষকে চাপে ফেলে, সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে, এমনকি ফিল্ডিংয়েও।”
সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।
