২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটকিনসনের সেঞ্চুরির পর বোলারদের নৈপুণ্যে ইংল্যান্ডের বড় লিড

শ্রীলঙ্কাকে অল্পতে গুটিয়ে দিয়ে বড় লক্ষ্য দেওয়ার পথে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 12:25 AM

Updated : 26 Aug 2026, 10:22 AM

লর্ডস টেস্টে দ্বিতীয় দিনেও আধিপত্য করল ইংল্যান্ড। দিনের শুরুতে গাস অ্যাটকিনসনের দারুণ সেঞ্চুরিতে তারা ছাড়াল চারশ রানের সীমানা। অ্যাটকিনসন ও তার সতীর্থ বোলাররা পরে আলো ছড়ালেন বল হাতেও। শ্রীলঙ্কাকে দুইশর নিচে থামিয়ে ইংলিশরা পেল বড় লিড।

সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৪২৭ রানে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় স্রেফ ১৯৬ রানে।

লঙ্কানদের ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দিন শেষ করে ১ উইকেটে ২৫ রানে। প্রথম ইনিংসের ২৩১ রানের লিড মিলিয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ২৫৬ রানে। 

৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আরও ৬৯ রান যোগ করে ইংল্যান্ড।

৭৪ রান নিয়ে দিন শুরু করা অ্যাটকিনসন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন ১০৩ বলে, লর্ডসে যা ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।

গত মাসে এই মাঠে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে ৭ উইকেট ও ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।

পুরুষ ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে লর্ডসের তিন অনার্স বোর্ডেই (ইনিংসে ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ও ব্যাট হাতে সেঞ্চুরি) নাম লিখিয়ে তিনি ছাড়িয়ে যান স্যার ইয়ান বোথামকে। অ্যাটকিনসনের লেগেছে ৪ ইনিংস, বোথামের লেগেছিল ৬ ইনিংস (ব্যাটিং-বোলিং মিলিয়ে)।

ম্যাথু পটসের সঙ্গে অ্যাটকিনসনের অষ্টম উইকেট জুটিতে আসে ৮৫ রান। 

১০২ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার আসিথা ফার্নান্দো। দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে লর্ডসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ১৯৯১ সালে এই স্বাদ পেয়েছিলেন রামেশ রাত্নায়েকে।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। নিশান মাদুশকা ও দিমুথ কারুনারাত্নে, দুই ওপেনারই বল টেনে আনেন স্টাম্পে। পাথুম নিসাঙ্কা ক্যাচ দেন লেগ স্লিপে।

চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। তাদের ৪৮ রানের জুটিই শেষ পর্যন্ত হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ।

একই ওভারে দারুণ দুটি ডেলিভারিতে ম্যাথিউসকে বোল্ড করার পর ধানাঞ্জয়া ডি সিলভাকে স্লিপে ক্যাচ বানান পটস। চান্দিমালকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন অ্যাটকিনসন।

৩ উইকেটে ৮৩ থেকে ১৯ বলের মধ্যে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৮৭।

সতীর্থদের ব্যর্থতার দিনে স্রোতের বিপরীতে একাই লড়াই করেন কামিন্দু মেন্ডিস। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি ৭৪ রানে। তার ১২০ বলের ইনিংস গড়া ৮ চার ও ৩ ছক্কায়।

ক্যারিয়ারে প্রথম ৮ ইনিংসের ৬টিতেই পঞ্চাশ ছড়ালেন তিনি। যার মধ্যে সেঞ্চুরি আছে তিনটি।

অ্যাটকিনসন, পটস, ক্রিস ওকস, অলি স্টোন- চার পেসারই নেন ২টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ড্যান লরেন্সকে হারায় ইংল্যান্ড। শ্রীলঙ্কা উইকেটটি পায় রিভিউ নিয়ে।   

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১০২ ওভারে ৪২৭ (আগের দিন ৩৫৮/৭) (অ্যাটকিনসন ১১৮, পটস ২১, স্টোন ১৫, বাশির ৭*; আসিথা ২৪-২-১০২-৫, রাত্নায়েকে ২৩-২-৮৯-২, কুমারা ২৩-২-১০১-২, জায়াসুরিয়া ২৯-২-৯৬-১, কামিন্দু ৩-০-২৭-০)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৫.৩ ওভারে ১৯৬ (মাদুশকা ৭, কারুনারাত্নে ৭, নিসাঙ্কা ১২, ম্যাথিউস ২২, চান্দিমাল ২৩, ধানাঞ্জয়া ০, কামিন্দু মেন্ডিস ৭৪, রাত্নায়েকে ১৯, জায়াসুরিয়া ৮, কুমারা ০, আসিথা ১*; ওকস ১৩-৪-২১-২, অ্যাটকিনসন ৮.৩-২-৪০-২, স্টোন ১৩-০-৭০-৩, পটস ১১-৪-১৯-২, বাশির ৭-১-২১-১, রুট ৩-০-৪-০)

ইংল্যান্ড ২ম ইনিংস: ৭ ওভারে ২৫/১ (ডাকেট ১৫*, লরেন্স ৭, পোপ ২*; আসিথা ৩-০-১২-০, কুমারা ৩-০-১০-১, রাত্নায়েকে ১-০-২-০)