২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডট না করে স্ট্রাইক রোটেট করা আর রেঞ্জ হিটিং’ নিয়ে কাজ করেছেন নাঈম

বিপিএলে সেঞ্চুরির পর মোহাম্মদ নাঈম শেখ জানালেন, ব্যাটিংয়ের উন্নতির জন্য বিশেষভাবে কাজ করেছেন তিনি, সফল হয়েছেন মুশফিকরুর রহিমের পরামর্শ কাজে লাগিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 08:48 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

পরিসংখ্যানে উন্নতির ছাপ স্পষ্ট। ব্যাটিংয়ের ধরনেরও কিছু পরিবর্তন দৃশ্যমান। যদিও সংশয়ের শেষ তাতে হচ্ছে না। আরও কঠিন পরীক্ষায় পরখ করার ব্যাপারও আছে। তবে মোহাম্মদ নাঈম শেখ বললেন, ক্রিকেট মৌসুমের বাইরের সময়টায় নিবিড়ভাবে কাজ করে নিজের ব্যাটিংয়ের উন্নতি করেছেন তিনি। 

নিজের কথার পক্ষে প্রমাণ এবারের বিপিএলে দিয়ে চলেছেন নাঈম। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি রান করছেন নিয়মিত। বড় ইনিংস অবশ্য খুব বেশি ছিল না। তবে ধারাবাহিকতার পথ ধরে এগিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার উপহার দিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। ৬২ বলে ১১১ রানের সেই ইনিংসটি খুলনা টাইগার্সের ওপেনারকে নিয়ে গেছে এবারের বিপিএলে রানের তালিকার শীর্ষে।

১১ ইনিংসে ৪৪.৪০ গড়ে তার রান ৪৪৪। রানের চেয়ে বেশি চোখে পড়ার মতো পরিসংখ্যান অন্যগুলি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট ১১৬.৬০। বিপিএল ক্যারিয়ারে স্ট্রাইক রেট ১১৯.৬৬। এবারের আগে দুটি বিপিএলে তিনি তিনশর বেশি রান করেছেন। ২০১৯-২০ টুর্নামেন্টে ৩৫৯ রান করেছিলেন ১১৫.৪৩ স্ট্রাইক রেটে। গত বছর ৩১০ রান করেছিলেন ১১৯.৬৯ স্ট্রাইক রেটে। যেটির মানে, বরাবরই তার স্ট্রাইট রেট ছিল ১২০-এর নিচে।

অথচ এবারের বিপিএলে তার স্ট্রাইক রেট এখনও পর্যন্ত ১৪৮.৯৯!

আগে কোনো বিপিএলে তিনি ১৫টি ছক্কা মারতে পারেননি। আগের ৪৮ ইনিংস মিলিয়ে তার ছক্কা ছিল মোট ৩১টি। অথচ এবার ১১ ইনিংসেই তার ব্যাট থেকে ছয় এসেছে ২৬টি।

বিপিএলের আগে গত মানে জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও নাঈম ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। সেখানেও স্ট্রাইক রেটের উন্নতির প্রমাণ ছিল। ৩১০ রান করেছিলেন ১৩৫.০৪ স্ট্রাইক রেটে। বিপিএলে নিজেকে ছাড়িয়ে গেলেন আরও। 

রংপুরের বিপক্ষে সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে নাঈম বললেন, অনেক ঘাম ঝরানোর ফল পাচ্ছেন এখন। 

“সবশেষ যতগুলো টুর্নামেন্ট খেলেছি, নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং মৌলিক জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। সুনির্দিষ্ট করে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে।। লম্বা করতে চাই না। অফ-সিজনে কাজ করেছি। 

সময়ের সঙ্গে তার মানসিকতায় যেমন পরিবর্তন এসেছে, তেমনি স্কিলও আরও সমৃদ্ধ হয়েছে। স্পিন খেলার উন্নতিতে তার কাজে লেগেছে মুশফিকের পরামর্শও। 

“মানসিকতায় পরিবর্তন অবশ্যই জরুরী। এটা না এলে ওপেনার হিসেবে লম্বা ইনিংস খেলা খুব কঠিন । আগে অফ স্পিনে অনেক ভুগছিলাম। ওই জায়গা থেকে বের হয়ে এসেছি যে, কীভাবে ডট না করে স্ট্রাইক রোটেট করা যায়… আর রেঞ্জ হিটিং।”

“মুশফিক ভাইয়ের কথা বলতেই হয়। তিন বছর আগে মুশফিক ভাই বলেছিলেন, রিভার্স সুইপ নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমার জন্য সহজ হয়ে যাবে। এখন অফ স্পিনে সুইপ-রিভার্স সুইপের জন্য আমার অনেক ভালো হয়েছে। স্লগ সুইপে আগে ভালো ছিলাম, মাঝখানে অনেক ধুঁকছিলাম। এখন ভালো হয়েছে এসব বলতে গেলে লম্বা হয়ে যাবে। অবশ্যই কিছু জিনিস পরিবর্তন এনেছি, তাই সাফল্য আসছে।”

বাংলাদেশের ক্রিকেটে নাঈমের ব্যাটিংয়ের প্রসঙ্গে প্রায় সবারই পর্যন্ত তার অতিরিক্ত ‘ডট’ বল খেলা নিয়ে। তার প্রচুর শট বৃত্তের ভেতর ফিল্ডারের কাছে যায়। সেটি নিয়ে কাজ করার পাশাপাশি ২৫ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, আগের চেয়ে এখন তিনি আরও পরিণত। 

“তিন-চার বছর আগে যেরকম ছিলাম, এখন এতদিন ক্রিকেট খেলার পর তো নিজের ম্যাচিউরিটি লেভেলের পরিচয় দিতে হবে। এতদিন পরে এখন পরিপূর্ণ।”

এই সেঞ্চুরির আগের ১০ ইনিংসে তার ফিফটি ছিল তিনটি। এর একটিতে ৭৭ রানের ইনিংস খেলে অল্পের জন্য দলকে জেতাতে পারেননি। অন্য দুটিতে ফিরেছেন ৫৮ ও ৫১ রানে। আরও পাঁচ ইনিংসে ২০ রান ছুঁয়েও ৩০ ছাড়াতে পারেননি। 

বড় একটি ইনিংস খেলতে তাই মরিয়া ছিলেন নাঈম।

“প্রথম দিন থেকেই চেষ্টা করছিলাম, আমি যে ফ্লো-তে খেলতে চাই, সেটা যেন ধরে রাখতে পারি। দুই ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলাম। দুই-তিনটি একটু লম্বা হয়েছে। তবে আমি চাচ্ছিলাম, আরও লম্বা ইনিংস, ওপেনার হিসেবে ৭০-৮০ রান করলে দলের কাজ সহজ হয়ে যায়। যেভাবে শুরু করতে চেয়েছি, সেটা মাঠে হচ্ছিল। কিন্তু লম্বা করতে পারছিলাম না। আজকে সেটাই চাচ্ছিলাম যে লম্বা যেন করতে পারি।”

নাঈমের ইনিংসটি দিয়ে এবারের বিপিএলে সেঞ্চুরি হলো আটটি। এর চারটি করেছেন দেশের ব্যাটসম্যানরা। রান সংগ্রহের তালিকায় শীর্ষ পাঁচজনই বাংলাদেশের ব্যাটসম্যান। সেরা দশের মধ্যে আটজনই এখনও পর্যন্ত দেশের।

নাঈমের মতে, এবার উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় দেশের ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারছেন। 

“ভালো উইকেট হলে সবসময় ভালো। দেশিদের নিয়ে প্রশ্ন উঠত আগে, আমরা বাউন্ডারি মারতে পারি না, চার-ছয় মারতে পারি না। ভালো ট্র্যাক দিন, অবশ্যই ভালো খেলব। এরকম উইকেট দিলে ব্যাটসম্যানরা সবসময় রান করবে। বাইরের দেশে সবসময়, দেখি ওরা মারছে। সবাই ভাবে, আমাদের দেশের প্লেয়াররা পারে না। আসলে এমন নয়। উইকেট ভালো হলে বাংলাদেশিরাও রেঞ্জ হিটিংয়ে খুবই ভালো।”