২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৫৮ কোটি রুপির চুক্তি ‘হারাল’ ভারতীয় বোর্ড

আসন্ন এশিয়া কাপে জার্সিতে মূল স্পন্সরের নাম ছাড়াই ভারত দলের মাঠে নামার শঙ্কা জেগেছে।

৩৫৮ কোটি রুপির চুক্তি ‘হারাল’ ভারতীয় বোর্ড
ড্রিম ইলেভেন-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিসিআই। ছবি: বিসিসিআই এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 09:01 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ভারত সরকারের নতুন ‘অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন’ বিল পাস হওয়ার পর সমস্যায় পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান স্পন্সর ড্রিম ইলেভেন-এর সঙ্গে ৩৫৮ কোটি রুপির চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে তারা।

বিশ্বের সবচেয়ে বড় ‘রিয়েল মানি’ অনলাইন গেমিং প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেভাজিত সাইকিয়া।

“অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল, ২০২৫, পাস হওয়ার পর বিসিসিআই ও ড্রিম ইলেভেন তাদের সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরনের কোনো সংস্থার সঙ্গে সম্পৃক্ত না হওয়ার বিষয়টি নিশ্চিত করবে।”

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় চুক্তিটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ নতুন আইনে ‘রিয়েল মানি’ গেমিং অবৈধ ঘোষণা করার পর শুধু ড্রিম ইলেভেনের জন্যই না, বিসিসিআইয়ের জন্যও এই চুক্তি শেষ করা গুরুত্বপূর্ণ ছিল।

গত শুক্রবার এক বিবৃতিতে ড্রিম ইলেভেন জানায়, সব ধরনের অর্থভিত্তিক প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছে তারা। এখন ‘ফ্রি-টু-প্লে’ অনলাইন সামাজিক গেমে রূপান্তরিত হয়েছে।

ড্রিম ইলেভেনের মূল কোম্পানি ড্রিম স্পোর্টস ২০২৩ সালে বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের জার্সি স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করে। উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপে জার্সিতে মূল স্পন্সরের নাম ছাড়াই ভারত দলের মাঠে নামার শঙ্কা জেগেছে।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে পরদিন, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ওমানের বিপক্ষে, ১৯ সেপ্টেম্বর।