আইসিসি র্যাঙ্কিং
Published : 28 Jan 2026, 04:04 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে সুরিয়াকুমার ইয়াদাভের টানা দুটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে ফিরেছেন এক সময় শীর্ষে থাকা ভারত অধিনায়ক। বোলারদের মধ্যে পাঁচ ধাপ এগিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। যেখানে পাঁচ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সপ্তম স্থানে আছেন সুরিয়াকুমার।
শীর্ষ তিনে আছেন তার দুই সতীর্থ আভিশেক শার্মা ও তিলাক ভার্মা। ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আভিশেক, তিনে থাকা তিলাকের পয়েন্ট ৭৮১।
কিউইদের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে যথাক্রমে ৩২, ৮২* ও ৫৭* রান করেন সুরিয়াকুমার। তিনটি লড়াই জিতে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারত।
রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ইশান কিষান ৬৪তম স্থান নিয়ে পুনরায় র্যাঙ্কিংয়ে ঢুকেছেন। তার দুই সতীর্থ শিভাম দুবে (৯ ধাপ এগিয়ে ৫৮তম) ও রিঙ্কু সিংয়েরও (১৩ ধাপ এগিয়ে ৬৮তম) উন্নতি হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানোর সিরিজে ভালো করে এগিয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও রাহমানউল্লাহ গুরবাজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২০তম স্থানে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং ও নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের ভারুন চক্রবর্তী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২১ রানে ৪ উইকেট নেওয়া মুজিব ৫ ধাপ এগিয়ে এখন নবম স্থানে।
ভারতের জাসপ্রিত বুমরাহ ৪ ধাপ উন্নতি করে এখন ত্রয়োদশ স্থানে আছেন। আর ২৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে তার সতীর্থ স্পিনার রাভি বিষ্ণই। প্রোটিয়া পেসার কর্বিন বশ ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩২তম স্থানে।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এবারের র্যাঙ্কিংয়ে। তৃতীয় ম্যাচে সেঞ্চুরিসহ ২-১ ব্যবধানে জেতা সিরিজে ১৮৪ রান করেছেন হ্যারি ব্রুক। এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে ১৭ ধাপ এগিয়ে এখন একাদশ স্থানে আছেন ইংলিশ অধিনায়ক।
আর প্রথম দুই ওয়ানডেতে ফিফটি পর শেষটিতে সেঞ্চুরি করা জো রুটের উন্নতি ৬ ধাপ, অবস্থান ১৭তম। এছাড়া ৫ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে তার সতীর্থ বেন ডাকেট।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান।
লঙ্কানদের বিপক্ষে সিরিজে ৭ উইকেট নেওয়া ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদের অগ্রগতি ৬ ধাপ, আছেন পঞ্চম স্থানে। আর লঙ্কান স্পিনার দুনিথ ওয়েলালাগে ১৪ ধাপ এগিয়ে ২৯তম স্থানে আছেন।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।