২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টস গুরুত্বপূর্ণ, তবে ‘সব কিছুর জন্য প্রস্তুত’ বাংলাদেশ

পেস সহায়ক উইকেটে টসের গুরুত্ব অনেক হলেও, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 06:09 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক ও পেসবান্ধব রাওয়ালপিন্ডির উইকেট। এবার সেই মাঠে পেসারদের জন্য থাকতে পারে আরেকটু বেশি সুবিধা। তাই ম্যাচের গতিবিধি নির্ধারণে টস হতে পারে বড় প্রভাবক। সেটি মাথায় রেখেই যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে। 

পাকিস্তানে যাওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই স্থানীয় সংবাদকর্মীদের রাওয়ালপিন্ডির সবুজ উইকেট বিষয়ক প্রশ্নের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। তাদের প্রশ্নের ভিত্তি যে শক্ত, তা স্পষ্ট হয়েছে প্রথম টেস্টে পাকিস্তান দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার না থাকায়।

ব্যাটিং সহায়ক উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা রেখে বাংলাদেশকে স্বাগত জানানোর পরিকল্পনাই হয়তো সাজিয়েছে পাকিস্তান। তেমনটা হলে টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে উইকেটের সুবিধা কাজে লাগাতেই চাইবে তারা। 

ফলে মহাগুরুত্বপূর্ণ হতে পারে টস। কয়েন নিক্ষেপের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন শান্তও। তবে এটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে না থাকায় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজ দলের ব্যাটিং-বোলিং ঠিকঠাক গুছিয়ে নেওয়ার কথাই বলেন বাংলাদেশ অধিনায়ক। 

“(টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”

ম্যাচের প্রায় দুই দিন আগেই ৪ পেসার- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলিকে নিয়ে নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। দলের প্রয়োজনে অফ স্পিন করতে দেখা যেতে পারে ব্যাটিং অলরাউন্ডার সালমান আলি আঘাকে।

বাংলাদেশের স্কোয়াডেও আছে ৪ পেসার। প্রয়োজনে তাদের সবাইকে খেলানোর আভাসও দিয়েছেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে ও স্পিন কোচ সাকলাইন মুশতাক। তবে আগেভাগে কিছু বলতে চান না শান্ত।

ম্যাচের দিন উইকেট দেখেই একাদশ সাজানো হবে জানালেন বাংলাদেশ অধিনায়ক। 

“গত কয়েক বছর ধরে আমাদের পেস আক্রমণ খুব ভালো। আমাদের ৩-৪ জন মানসম্পন্ন স্পিনারও আছে। তো আমাদের সব কিছু পূর্ণ আছে। সকালে উইকেট দেখে আমরা একাদশ সাজাব। তবে এখানে পেসাররা কিছুটা সাহায্য পায়। তাই তারা এই কন্ডিশনে ভালো করার জন্য রোমাঞ্চিত।”