২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দুই শূন্যর পর কোহলির দুর্দান্ত সেঞ্চুরি

নতুন এক রেকর্ড গড়ার পাশাপাশি আরেকটি রেকর্ড সমৃদ্ধ করলেন ভিরাট কোহলি।

টানা দুই শূন্যর পর কোহলির দুর্দান্ত সেঞ্চুরি
অসাধারণ সেঞ্চুরি করে দলকে জেতালেন ভিরাট কোহলি (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 01:07 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

রান তাড়ায় পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট। আবার একই চ্যালেঞ্জে নেমে এবার দেখা গেল ভিরাট কোহলির চেনা রূপ। ব্যাটিং মাস্টারক্লাস মেলে ধরে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন ভারতের ব্যাটিং গ্রেট।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বুধবার ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি। ১১ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি।

আইপিএলের অনেক রেকর্ডের মতো সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও আগে থেকেই কোহলির। সেই রেকর্ড তিনি সমৃদ্ধ করলেন নবম শতক ছুঁয়ে। সাতটি সেঞ্চুরি নিয়ে তালিকার দুই নম্বরে জস বাটলার।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন কোহলি। দশম সেঞ্চুরি করে তিনি ছাড়িয়ে গেলেন আভিশেক শার্মাকে (৯)। 

বিশ্ব রেকর্ডের তালিকায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে তিনে এখন কোহলি। দুই নম্বরে বাবর আজমের সেঞ্চুরি ১৩টি। আর ২২ সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল।

২০০৮ সালে আইপিএল যাত্রার শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। প্রথম আট আসরে কোনো সেঞ্চুরি ছিল না তার। ২০১৬ আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে সেবারই করেন চারটি!

পরের দুই আসর আবার সেঞ্চুরি-খরায় কাটে তার। ২০১৯ আসরে করেন একটি সেঞ্চুরি। পরের তিন আসরে এই স্বাদ পাননি। ২০২৩ আসরে দুটি করে পরের আসরে করেন একটি সেঞ্চুরি। গত আসরে না পেলেও এবার ১২তম ম্যাচে এসে তিন অঙ্ক ছুঁলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। 

আগের দুই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দ্বিতীয় বলে ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম বলে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। কলকাতার বিপক্ষে ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় প্রথম বলে রানের দেখা পেয়েই মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়ে মজা করে উদযাপন করেন আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।

২১ রানে পৌঁছে চলতি আসরে চারশ রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এই নিয়ে ১২ আসরে এই স্বাদ পেলেন তিনি। ৯ বারের বেশি নেই আর কারো।

৩২ বলে পঞ্চাশে পা রাখেন কোহলি। চতুর্থ ওভারে উদ্বোধনী জুটির সঙ্গী জ্যাকব বেথেলের বিদায়ের পর দেবদুত পাডিক্কালের সঙ্গে ৯২ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি।

২৭ বলে ৩৯ রান করে ফেরেন পাডিক্কাল। অধিনায়ক রাজাত পাদিতার ভালো করতে পারেননি। টিম ডেভিড বিদায় নেন মানিশ পান্ডের অবিশ্বাস্য ক্যাচে। তার আগে ওই ওভারেই কব্জির মোচড়ে কার্তিক তিয়াগিকে ৮৮ মিটার দর্শনীয় এক ছক্কা মেরে ৯৮ রানে পৌঁছে যান কোহলি। এরপর দুটি সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ৫৮ বলে। সেঞ্চুরির পর মারেন একটি চার।

বেঙ্গালুরু ৬ উইকেটে জিতে যায় পাঁচ বল বাকি থাকতে।

এ দিন মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শার্মাকে ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন কোহলি। উপলক্ষটা রাঙালেন তিনি ম্যাচ জেতানো সেঞ্চুরি করে।

গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজারে দ্রুততম কোহলি

রেকর্ড গড়ার ম্যাচে '৪০০' ছুঁয়ে আরও এগিয়ে কোহলি