২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ার ম্যাচে ‘৪০০’ ছুঁয়ে আরও এগিয়ে কোহলি

আইপিএলে নিজের একটি রেকর্ড আরও সমৃদ্ধ করলেন ভারতের ব্যাটিং গ্রেট।

রেকর্ড গড়ার ম্যাচে ‘৪০০’ ছুঁয়ে আরও এগিয়ে কোহলি
ভিরাট কোহলি। ছবি:  আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 12:18 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সৌরভ দুবের লেংথ ডেলিভারি আলতো করে মিডউইকেটে ঠেলে এক রান নিলেন ভিরাট কোহলি। মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়লেন তিনি। নাহ, ফিফটি বা সেঞ্চুরি করার আনন্দ নয়, প্রথম রান করার স্বস্তি!

টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এবার প্রথম বলে রানের দেখা পেয়ে মজা করেই অবশ্য ওভাবে উদযাপন করেন ভারতের এই ব্যাটিং গ্রেট। 

এই ম্যাচ খেলতে নেমেই একটি রেকর্ড নিজের করে নেন কোহলি। মাহেন্দ্র সিং ধোনি (২৭৮) ও রোহিত শার্মাকে (২৭৮) ছাড়িয়ে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন শুধুই তার (২৭৯)। পরে ব্যাট হাতে তিনি গড়েন আরেক কীর্তি- আইপিএলের এক আসরে চারশ রান।

কোহলির জন্য অবশ্য এটি নতুন কিছু নয়। এই নিয়ে ১২ আসরে চারশ বা এর বেশি রান করলেন তিনি। এই তালিকায় তার ধারেকাছেও কেউ নেই। ৯ বার করে আছে ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়না, শিখার ধাওয়ান ও রোহিত শার্মার। লোকেশ রাহুলের আছে আটবার, শুবমান গিলের সাতবার। ছয়বার করে আছে এবি ডি ভিলিয়ার্স ও শ্রেয়াস আইয়ারের।

এবারের আসরে প্রথম ৯ ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে ৩৭৯ রান। পরের দুই ম্যাচে তিনি শূন্য রানে আউট হন লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের এমন অভিজ্ঞতা হয় ১৯ আসরের মধ্যে দ্বিতীয়বার।

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বুধবার রান তাড়ায় প্রথম ওভারের শেষ বলে স্ট্রাইক পেয়েই রানের দেখা পান কোহলি। পঞ্চম ওভারে ১০ বলে ২১ রানে পৌঁছে আসরে চারশ রান পূর্ণ করেন ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। 

গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজারে দ্রুততম কোহলি

টানা দুই শূন্যর পর কোহলির দুর্দান্ত সেঞ্চুরি