২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে ছক্কায় হেরে নিদাহাস ট্রফির স্মৃতি মনে পড়ছে লিটনের

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ বলে হেরে বিপিএল থেকে বিদায় নেওয়ার পর রংপুর অধিনায়ক বলছেন, রানটা আরেকটু বেশি হলে গল্পটা ভিন্নও হতে পারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 07:24 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে লড়াই জমিয়ে তুলেছিল রংপুর রাইডার্স। জয়টাও দেখতে পাচ্ছিল তারা। শেষ বলে প্রতিপক্ষের প্রয়োজন ছিল ৬ রান। জয় তো তখন কেবল সময়ের ব্যাপার! কিন্তু ফাহিম আশরাফকে ছক্কায় উড়িয়ে সিলেট টাইটান্সকে স্মরণীয় এক জয় এনে দেন ক্রিস ওকস। এভাবে হেরে প্রায় আট বছর আগে একইকম আরেকটি হৃদয় ভাঙা পরাজয়ের কথা মনে পড়ে গেছে রংপুর অধিনায়ক লিটন কুমার দাসের।

বিপিএলের এলিমিনেটর ম্যাচে মঙ্গলবার রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেভারিট রংপুরকে ৩ উইকেট হারিয়ে ফাইনালে খেলার আশা জিইয়ে রাখে সিলেট।

জয়ের অন্য শেষ ওভারে সিলেটের প্রয়োজন ছিল ৯ রান। ফাহিমের প্রথম বলে দুই রান নিলেও পরের দুই ডেলিভারিতে ব্যাটে-বলে করতে পারেননি মইন আলি। চতুর্থ বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। পঞ্চম বলে এক রান নিয়ে সৈয়দ খালেদ আহমেদ স্ট্রাইক দেন ওকসকে। পাকিস্তানি পেসারের অফ স্টাম্পের বাইরের বল কাভারের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দলকে উল্লাসে ভাসান আসরে প্রথমবার খেলতে নামা ইংলিশ অলরাউন্ডার।

২০১৮ সালের মার্চে কলম্বোয় নিদাহাস ট্রফির ফাইনালে এভাবেই শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের মুঠো থেকে জয় বের করে নিয়েছিলেন ভারতের দিনেশ কার্তিক। সেদিন শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৫ রান। সৌম্য সরকারের বল কাভারের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে দেন কার্তিক। 

ওই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলা লিটন, মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমান এ দিন বিপিএলের ম্যাচেও মাঠে ছিলেন রংপুরের হয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন ফিরে গেলেন কলম্বোর ওই ম্যাচে।

“শেষ বলে ছক্কা খাওয়া… আমার নিদাহাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে। একইরকম কাভারের ওপর দিয়েই ছয়।”

“ নাহ (বেশি কষ্ট লাগছে না), ঠিক আছে… এটাই ক্রিকেট, এভাবেই জীবন চলে। উত্থান-পতন থাকবেই। জিততে পারলে ভালো হতো। এখন পারিনি, কিছু করার নেই।”

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট এ দিন ব্যাটিংয়ের জন্য মোটেও সহজ ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ১১ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। সপ্তম ওভারে তাদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ২৯। 

সেখান থেকে খুশদিল শাহ (৩০) মাহমুদউল্লাহ (৩৩) ও নুরুল হাসান সোহানের (১৮) ব্যাটে ২০ ওভারে ১১১ রানের পুঁজি গড়তে পারে রংপুর। এই তিন জন ছাড়া তাদের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।   

ব্যাটিং দুরূহ উইকেটে ব্যাটসম্যানদের খুব একটা দায় দেখছেন না লিটন। তবে রানটা আরেকটু বেশি হলে গল্পটা ভিন্নও হতে পারত বলে মনে করছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

“কঠিন (উইকেট) দেখেই দুইটা দলই ভুগেছে। এমন না যে ওরা ১০ ওভারে ম্যাচ জিতেছে। শেষ বলে গিয়ে ম্যাচ জিতেছে এবং ছয় রান লাগত। তার মানে বোঝাইই যাচ্ছে উইকেট কঠিন ছিল। অবশ্যই নতুন বল অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা ওখানে আগেভাগে উইকেট হারাতে, উইকেট পড়াতে কিছুটা পেছনে চলে গেছি।”

“তারপরও আমাদের মনে হয় রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ও খুশদিল খুব ভালো ব্যাটিং করছিল বা সোহান ভাইও। যদি ওখান থেকে আর একটু বড় করে দিত, হয়তো বা রানটা ১৩০ এ গেলে ভিন্ন গল্প হলেও হতে পারত।”