২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজিত সেঞ্চুরি করে রানেও সবার ওপরে নাঈম

বিপিএলে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মোহাম্মদ নাঈম শেখ, এবারের আসরে সবচেয়ে বেশি রানও এখন খুলনা টাইগার্সের ওপেনারের।

অপরাজিত সেঞ্চুরি করে রানেও সবার ওপরে নাঈম
অপরাজিত সেঞ্চুরি করে মাঠ ছাড়ছেন মোহাম্মদ নাঈম শেখ। ছবি: রতন গোমেজ/বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 03:46 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

৫ ওভারে বাউন্ডারি মোটে একটি। রান স্রেফ ১১। ১০ ওভার শেষেও রান স্পর্শ করল না ৩০। মনে হচ্ছিল, আরেকটি ‘টিপিক্যাল’ মোহাম্মদ নাঈম শেখ ইনিংস। তিনি তো এভাবেই ব্যাট করেন, ইনিংস গড়েন এবং বেশির ভাগ সময় পুষিয়ে দিতে না পেরে আউট হয়ে যান। কিন্তু এবার ব্যতিক্রম । পরের সময়টায় যে নাঈমকে দেখা গেল, চেনা নাঈমের সঙ্গে তাকে মেলানো কঠিন।

বিধ্বংসী ব্যাটিংয়ে চার-ছক্কার ফুল দিয়ে সেঞ্চুরির মালা গাঁথলেন নাঈম। বিপিএলে প্রথম সেঞ্চুরিতে আসরের রানের তালিকায়ও সবার ওরে উঠে গেলেন খুলনা টাইগার্সের বাঁহাতি ওপেনার। রংপুর রাইডার্সের বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে গোটা ২০ ওভার খেলে যখন অপরাজিত হয়ে তিনি ফিরছেন, নামের পাশে তখন জ্বলজ্বল করছে ৭ চার ও ৮ ছক্কায় ৬২ বলে অপরাজিত ১১১।

নাঈমের এই সেঞ্চুরিতে বড় আশার রসদ পেল খুলনা টাইগার্স। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি দুটি ম্যাচে জয় ছাড়া উপায় নেই তাদের। এমন ম্যাচে ২০ ওভারে তারা তুলেছে ২২০ রান।

তানজিদ হাসানের ৪২৭ রান পেরিয়ে এবারের বিপিএলের রানের তালিকায় এখন শীর্ষে নাঈম। এই ইনিংস শেষে ১১ ইনিংসে তার রান ৪৪৪। স্ট্রাইক রেট প্রায় দেড়শ।

বারের বিপিএলে এই নিয়ে সেঞ্চুরি হলো আটটি। দেশি-বিদেশি ব্যাটসম্যানদের শতরান সমান চারটি করে।

টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনার ইনিংস শুরু হয় প্রথম ওভারে মেহেদী হাসান মিরাজের দুটি ছক্কায়। পরে ওভারে শেখ মেহেদি হাসানকে ছক্কায় ওড়ান নাঈমও। এরপরই বরাবরের মতো খোলসে ঢুকে যান তিনি। ওই ছক্কার পরও পাঁচ ওভার শেষে তার রান ছিল ১১ বলে ১১।

পাওয়ার পর শেষ ওভারে মেহেদিকেই ছক্কা ও চার মারেন তিনি। ১০ ওভার পর্যন্ত বাউন্ডারি পাননি আর একটিও। রান তখন তার ২৩ বলে ২৯।

নাঈমের ভিন্ন রূপে আবিভার্বের শুরু মূলত দ্বাদশ ওভার থেকে। তাকে থামাতেই মূলত ইফতিখার আহমেদকে আক্রমণে রেখেছিল রংপুর। পাকিস্তানি ক্রিকেটারের প্রথম দুই ওভারে আসে কেবল ৯ রান। কিন্তু তার তৃতীয় ওভারে তিনটি ছক্কায় ফিফটিতে পৌঁছে যান তিনি ৩৪ বলে।

এরপরও ছুটতে থাকেন তিনি একই গতিতে। ক্যারিয়ারে অনেকবারই তিনি ফিফটি পেরিয়ে আউট হয়ে গেছেন ৭০ রানের নিচে। এবার সেই বাধাও পেরিয়ে যান। অষ্টাদশ ওভারে মোহাম্মদ সাইফ উদ্দিনের টানা তিন বলে এক ছক্কা ও দুই চারে শতরানে পা রাখেন তিনি ৫৫ বলে। 

বিপিএলে প্রথম হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে বেক্সিমকো ঢাকার হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে করেছিলেন ৬৪ বলে ১০৫ রান।

সেঞ্চুরির পর শেষ ওভারেও একটি ছক্কা মেরে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাঈম।

তিনি যখন সেঞ্চুরি স্পর্শ করলেন, তার চেয়ে বেশি খ্যাপাটে উদযাপন করলেন ডাগআউটে খুলনা অধিনায়ক মিরাজ দলের জন্য ইনিংসটি যে ছিল মহাগুরুত্বপূর্ণ!