২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে নেতৃত্ব দিতে প্রস্তুত স্মিথ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট তো বটেই, আরও কয়েকটি ম্যাচেও নিয়মিত অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কায় আছে অস্ট্রেলিয়া।

কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে নেতৃত্ব দিতে প্রস্তুত স্মিথ
স্টিভেন স্মিথ। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 05:20 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

অ্যাশেজের শুরুতে প্যাট কামিন্সের খেলা নিয়ে রয়েছে প্রবল শঙ্কা। শেষ পর্যন্ত যদি ছিটকেই যান অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক, নেতৃত্বভার পড়বে স্টিভেন স্মিথের কাঁধে। দলটির সাবেক অধিনায়ক বললেন, গুরুদায়িত্বটির জন্য প্রস্তুত তিনি।

অনেকদিন ধরে পিঠের চোট থেকে সেরে ওঠার লড়াই চলছে কামিন্সের। কিন্তু এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি গত জুলাইয়ে পর থেকে কোনো ধরনের ক্রিকেট না খেলা অভিজ্ঞ পেসার।

আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে। স্মিথ জানিয়েছেন, কামিন্স এখনও বোলিং শুরু করেননি। তাই এই ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কদিন আগে একই কথা বলেছিলেন কামিন্স নিজেও।

যদিও এখন পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে কামিন্সের খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে তেমন কিছু হলে, দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি থাকার কথা বলেছেন স্মিথ।

“কামিন্স থাকলে দল আরও ভালো হয়ে ওঠে। আশা করি সে সেরে উঠবে…যত বেশি টেস্টে সে খেলতে পারবে ততই দলের জন্য ভালো। দেখা যাক কী হয়। (দলে ফেরার আগে) এখনও কিছু কাজ প্যাটকে করতে হবে। সে বলেছিল, প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা কম, তবে সামনে কী হয় কেউ জানে না।”

“গত কয়েক বছরে (কামিন্সের অনুপস্থিতিতে) কয়েকবার আমি নেতৃত্ব দিয়েছি। এটা অস্বাভাবিক কিছু নয়। দল কীভাবে কাজ করে, আমি জানি। আমরা ভালো অবস্থায় আছি, যদি এমনটা হয় (নেতৃত্ব দিতে হয়) তাহলে আমি প্রস্তুত থাকব।”

২০২১ সালে টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পান কামিন্স। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে ছয়টি টেস্টে নেতৃত্ব দেন স্মিথ। যার মধ্যে পাঁচটিতেই জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া।

টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়কও ছিলেন স্মিথ। সব মিলিয়ে, তার নেতৃত্বে ৪০ টেস্টের ২৩টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, হার ১০টি ও ড্র ৭টি।