২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের দুই ছক্কায় আফগানদের হৃদয় ভেঙে ফাইনালে পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়ে এশিয়া কাপের ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কারও।

নাসিমের দুই ছক্কায় আফগানদের হৃদয় ভেঙে ফাইনালে পাকিস্তান

শেষ ওভারে টানা দুই ছক্কায় দলকে জিতিয়ে নাসিম শাহর উল্লাস। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 11:41 PM

Updated : 08 Sep 2022, 01:33 AM

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ গড়াল শেষ ওভারে। জয়ের জন্য পাকিস্তানের চাই ১১ রান, আফগানিস্তানের প্রয়োজন ১ উইকেট। ম্যাচ হেলে তাদের দিকেই। শুরু থেকে চমৎকার বোলিংয়ে দলকে লড়াইয়ে রাখলেন যিনি, সেই ফজলহক ফারুকি শেষটায় করে বসলেন গড়বড়। তার দুটি ফুল টস বলে পরপর দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে নাটকীয় জয় এনে দিলেন বোলার নাসিম শাহ।

এশিয়া কাপের ‘সুপার ফোরে’ বুধবার ১ উইকেটের জয়ে ফাইনালে উঠল পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ১২৯ রান পেরিয়ে গেল তারা ৪ বল হাতে রেখে।

লড়াইটা পাকিস্তান ও আফগানিস্তানের হলেও এই ম্যাচে প্রবলভাবে ছিল ভারত। রোহিত শর্মার দলের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের হার ছিল জরুরি। সেটি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারত ও আফগানিস্তানের। 

পাকিস্তানের সঙ্গে ফাইনালের টিকেট নিশ্চিত হলো শ্রীলঙ্কারও। সুপার ফোরে দুই দলই জিতেছে প্রথম দুই ম্যাচ।   

এই পর্বের বাকি দুই ম্যাচ এখন স্রেফ আনুষ্ঠানিকতার।

শারজাহর উইকেট ছিল মন্থর। তবে ব্যাটিংয়ের জন্য খুব একটা কঠিন ছিল না। নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখে পাকিস্তানের বোলাররা। আফগানরাও দারুণ বোলিংয়ে জাগায় পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের আশা। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই রয়ে গেল।

দুই দলের কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারেননি পঞ্চাশ। পাকিস্তানের শাদাব খানের ২৬ বলে ৩৬ রানের ইনিংস ম্যাচের সর্বোচ্চ। ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে ২৭ রানে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরাও তিনিই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা পায় আফগানিস্তান। প্রথম তিন ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তোলে ২৭ রান।

দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাসনাইনকে টানা দুই ছক্কা হাঁকান রহমানউল্লাহ গুরবাজ। হারিস রউফকে পরপর দুটি চার মারেন হজরতউল্লাহ জাজাই। পরের বলে ১৬ রানে তিনি জীবন পান থার্ড ম্যানে নাসিম ক্যাচ ফেলায়।

ওই ওভারেই গুরবাজ ১১ বলে ১৭ রান করে বোল্ড হন ক্রস ব্যাটে খেলতে গিয়ে। ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই যেন বদলে যায় চিত্র।

সুযোগ কাজে লাগাতে পারেননি জাজাই। পরের ওভারে তিনি বোল্ড হন হাসনাইনের স্লোয়ার বলের লাইন মিস করে। ১৭ বলে ৪টি চারে বাঁহাতি ব্যাটসম্যান করেন ২১ রান।

পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে আফগানিস্তানের রান ছিল ৪৩।

চার নম্বরে নেমে তেমন কিছু করতে পারেননি করিম জানাত। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ধরা পড়ে বিদায় নেন তিনি ১৯ বলে ১৫ রান করে।

নাজিবউল্লাহ জাদরান পারেননি প্রত্যাশিত ঝড় তুলতে। লেগ স্পিনার শাদাবকে একটি ছক্কা মারার পর আরেকটির চেষ্টায় ক্যাচ দেন তিনি ১০ রানে। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান অধিনায়ক মোহাম্মদ নবি।

পঞ্চদশ ওভারে তখন ৯১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। এক প্রান্ত আগলে রেখে তাদের টানছিলেন যিনি, সেই ইব্রাহিম জাদরানও ফিরে যান দলের স্কোর একশ পার হওয়ার পরপরই। ৩৭ বলে ২ চার ও এক ছক্কায় তিনি করেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান।

শেষ দিকে রশিদ খানের ১৫ বলে ১৮ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০ রানের সুবাদে ১২৯ করতে পারে আফগানরা। শেষ ওভারে রউফকে পরপর দারুণ দুটি ছক্কা-চার মারলেও বাকি চার বলে কোনো রান নিতে পারেননি রশিদ।

৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার রউফ। আরেক পেসার নাসিম স্রেফ ১৯ রান দিয়ে নেন একটি। দুই স্পিনার নওয়াজ ও শাদাবের সঙ্গে হাসনাইনেরও প্রাপ্তি একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় পাকিস্তান উইকেট হারায় ইনিংসের দ্বিতীয় বলেই। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানোর দিনে গোল্ডেন ডাক এর স্বাদ পান বাবর আজম। তাকে এলবিডব্লিউ করে দেন ফারুকি।

আসর জুড়ে নিষ্প্রভ থাকা বাবরের রান চার ম্যাচে স্রেফ ৩৪।

তিন নম্বরে নেমে টিকতে পারেননি ফখর জামানও। নাজিবউল্লাহর সরাসরি থ্রোয়ে তিনি রান আউট হয়ে যান ৫ রান করে।

দারুণ ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান যথারীতি এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে এবার ইনিংস বড় করতে পারেননি তিনি (২৬ বলে ২০)। নিজের দ্বিতীয় ওভারে তাকে এলবিডব্লিউ করে দেন রশিদ।

১০ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ৫২।

ইফতিখার আহমেদ ও শাদাব এরপর এগিয়ে নেন দলকে। নবির তিন বলের মধ্যে শাদাব মারেন একটি করে ছক্কা-চার। মুজিব উর রহমানকেও ছক্কায় ওড়ান তিনি। তবু ৪ ওভারে রহস‍্য স্পিনার মুজিব দেন স্রেফ ১২ রান।

ইফতিখারকে ফিরিয়ে ৪২ রানের জুটি ভাঙেন ফরিদ আহমেদ। ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন ডানহাতি ব্যাটসম্যান (৩৩ বলে ৩০)।

শেষ ৪ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৯ রান। ১৭তম ওভারে রশিদের প্রথম বলে ছক্কা মেরে শাদাব আউট হয়ে যান পরের বলেই। ৩ ছক্কা ও একটি চারে গড়া তার ৩৬ রানের ইনিংস। আসিফ আলি বিশাল ছক্কা মারেন মুখোমুখি প্রথম বলে।

৩ ওভারে পাকিস্তানের দরকার যখন ২৫, ১৮তম ওভারে স্রেফ ৪ রান দিয়ে নওয়াজ ও খুশদিল শাহকে বিদায় করে আফগানিস্তানকে ম্যাচে ভালোভাবেই রাখেন ফারুকি।

পরের ওভারে এসে দ্বিতীয় বলে রউফকে বোল্ড করে দেন ফরিদ। তাকে একটি ছক্কার পর পঞ্চম বলে ক্যাচ তুলে নেন আসিফ। আফগানিস্তানের জয়ের পাল্লাই তখন ভারী বেশি। শেষ ওভারে যে ক্রিজে পাকিস্তানের দুই পেসার!

তখন পর্যন্ত ৩ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সফলতম বোলার ফারুকি। কিন্তু শেষ ওভারের প্রথম বলে ইয়র্কারের চেষ্টায় তিনি দিয়ে বসেন নিচু ফুল টস, লং অফ দিয়ে ছক্কায় ওড়ান নাসিম। পরের বলে আবার ইয়র্কারের চেষ্টায় ফুল টস, আবার লং অফ দিয়েই ছক্কায় উড়িয়ে উৎসবে মাতেন নাসিম।

এবারের এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টি অভিষিক্ত নাসিম এই ম্যাচের আগে পর্যন্ত একবার ব্যাটিং পেয়ে আউট হয়েছিলেন শূন্য রানে। সেই তিনিই এ দিন ৪ বলে ২ ছক্কায় ১৪ রানের মহামূল্যবান ইনিংস খেলে পাকিস্তানের শেষের নায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১২৯/৬ (জাজাই ২১, গুরবাজ ১৭, ইব্রাহিম ৩৫, জানাত ১৫, নাজিবউল্লাহ ১০, নবি ০, ওমরজাই ১০*, রশিদ ১৮*; নাসিম ৪-০-১৯-১, হাসনাইন ৪-০-৩৪-১, রউফ ৪-০-২৬-২, নওয়াজ ৪-০-২৬-২, শাদাব খান ৪-০-২৭-১)

পাকিস্তান: ১৯.২ ওভারে ১৩১/৯ (রিজওয়ান ২০, বাবর ০, ফখর ৫, ইফতিখার ৩০, শাদাব ৩৬, নওয়াজ ৪, আসিফ ১৬, খুশদিল ১, রউফ ০, নাসিম ১৪*, হাসনাইন ০*; ফারুকি ৩.২-০-৩১-৩, মুজিব ৪-০-১২-০, ফরিদ ৪-০-৩১-৩, রশিদ ৪-০-২৫-২, নবি ৩-০-২২-০, ওমরজাই ১-০-৬-০)

ফল: পাকিস্তান ১ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: শাদাব খান