২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল নয়, অধিনায়কের ভাবনায় গ্রুপ পর্ব

এশিয় কাপের গত আসরে ফাইনাল খেললেও এবার আকাশচুম্বি কোনো স্বপ্ন দেখাচ্ছেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 09:28 PM

Updated : 22 Aug 2022, 10:42 PM

এশিয়া কাপের সবশেষ চার আসরের তিনটিতেই ফাইনাল খেলা দল বাংলাদেশ। গত আসরে সংযুক্ত আরব আমিরাতেই ফাইনাল খেলেছে দল। তবে এবার আপাতত সাকিব আল হাসানের ভাবনার সীমানায় নেই ফাইনাল। বাস্তবতার জমিনে পা রেখে বাংলাদেশ অধিনায়ক বললেন, আপাতত তিনি তাকিয়ে গ্রুপ পর্ব উতরানোর চ্যালেঞ্জে।

গত আসরে ফাইনাল খেললেও সেটি ছিল ওয়ানডে সংস্করণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়ায় এবার এশিয়া কাপ হবে ২০ ওভারের সংস্করণে। এই মুহুর্তে যে সংস্করণে বাংলাদেশের অবস্থা করুণ।

২০১৬ এশিয়া কাপে দেশের মাঠে টি-টোয়েন্টি এশিয়া কাপেই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা আর দেখাতে পারেনি তারা। বরং বছরের পর বছর এই সংস্করণে রয়ে গেছে ভোগান্তি।

সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্ব আসরের মূল পর্বে আর কোনো ম্যাচ বাংলাদেশ কখনও জিততে পারেনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকে এখনও পর্যন্ত ১৫ ম্যাচ খেলে জয় আছে কেবল দুটিতে। সবশেষ সিরিজে হারতে হয়েছে জিম্বাবুয়ের কাছেও। এশিয়া কাপে তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার গ্রুপ থেকে পরের ধাপে ওঠা কঠিন হবে এই দলের জন্য।

বাস্তবতা জানেন বলেই আশার বেলুন ফুলিয়ে এশিয়া কাপে যাচ্ছেন না সাকিব। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরে খেলতে দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক বললেন, স্বপ্নের আকাশে তারা ডানা মেলছেন না।

“(ফাইনাল খেলা) আমাদের জন্য কঠিন। বাস্তবিক চিন্তা করলে আমরা যদি এই দুইটা ম্যাচ (গ্রুপ পর্বে) ভালো খেলতে পারি এবং আগের যে সিরিজগুলো খেলেছি বা এক-দেড় বছরে যে সিরিজগুলো খেলেছি , সেখান থেকে উন্নতির ছাপ যদি রাখতে পারি, তাহলেও একটা প্রাপ্তি হবে এই টুর্নামেন্টে।”

“সুপার ফোর পর্বে খেলা উচিত আমাদের। তবে আমি যেটা মনে করি যে, আমরা প্রতিবারই বড় লক্ষ্য নিয়ে যাই, পরে পারি না। আপনারাই তখন বলা শুরু করেন, ‘বড় বড় কথা বলে গেলাম, কাজটা করতে পারলাম না।’ আমাদের লক্ষ্য আমাদের মধ্যেই থাক, ড্রেসিং রুমে আমরা জানি যে কী করতে হবে।”

এশিয়া কাপে যদি অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ দারুণ কিছু করেও ফেলে, তার পরও উচ্ছ্বাসে ভেসে যাবেন না সাকিব। তার কাছে বরং বেশি গুরুত্বপূর্ণ একটা ধারাবাহিকতা ধরে রাখা। দুই-চার বছর ধরে উন্নতির ধারা ধরে রাখতে চান অধিনায়ক।

“উন্নতির গ্রাফটা ধরে রাখা হলো লক্ষ্য। প্রক্রিয়াটা জরুরি। আমরা যদি এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে পরে বিশ্বকাপে গিয়ে খারাপ করি, তাহলে তো খুব একটা উন্নতি হলো না। এখন থেকে একটা উন্নতির ধারা যদি রাখতে পারি, তাহলে হয়তো ২০২৪ বিশ্বকাপে সেরা দলগুলির একটা থাকব আমরা। ২০২৬ বিশ্বকাপে ভালো দল থাকব।”

“ওইটাই বেশি গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেলাম, পরে নিউ জিল্যান্ডে গিয়ে সব ম্যাচ হারলাম, বিশ্বকাপে হারলাম, পরে আরেকটা সিরিজ জিতলাম, এসবে লাভ হবে না। ভারত তো ২০০৭ বিশ্বকাপের পর আর ট্রফি জেতেনি, তবে প্রতিবারই ফেভারিটের মধ্যে থাকে। এটাই বেশি গুরুত্বপূর্ণ আমার মতে।”