বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে রাজশাহীর আন্তর্জাতিক অভিষেক
বাংলাদেশ-শ্রীলঙ্কা উইমেন’স ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে রাজশাহীতে।
অতীতে নানা সময়েই সফরকারী দলগুলি রাজশাহীতে ম্যাচ খেলেছে। বয়সভিত্তিক ক্রিকেট ও ইমার্জিং দলের ম্যাচ তো এখন নিয়মিতই হচ্ছে এখানে। প্রথমবারের মতো এবার স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে এই শহর। আগামী মাসে বাংলাদেশ-শ্রীলঙ্কা উইমেন’স ওয়ানডে সিরিজের ম্যাচগুলি হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে লঙ্কানদের প্রথম বাংলাদেশ সফর এটিই।
আইসিসির উইমেন’স ভবিষ্যৎ সফর সূচীর অংশ এই সফর।
১৭ এপ্রিল বাংলাদেশে এসেই রাজশাহীতে চলে যাবে লঙ্কানরা। সিরিজের ম্যাচ তিনটি হবে ২০, ২২ ও ২৫ এপ্রিল। প্রতিটি ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়।
ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়েই রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক সিরিজ হবে এটি।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে সিলেটে। এই সিরিজ শুরু ২৮ এপ্রিল। পরের দুই ম্যাচ ৩০ এপ্রিল ও ২ মে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতিটি ম্যাচ।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথে এই সিরিজ বড় ভূমিকা রাখবে দুই দলের জন্যই।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল একবারই। ২০২৩ সালে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। শেষটিতে জিতেছিল লঙ্কানরা। টি-টোয়েন্টি সিরিজে প্রথমটি বাংলাদেশ জিতলেও পরের দুটি জিতে সিরিজ জিতে নিয়েছিল শ্রীলঙ্কা।
