২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উপায় না থাকায়’ এশিয়া কাপের দলে নাঈম শেখ

বিকল্প খুব ভালো কেউ না থাকায় এশিয়া কাপের দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি ওপেনারকে, বললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 12:54 PM

Updated : 23 Aug 2022, 12:54 PM

চোট না সারায় ছিটকে গেলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। তার বদলে নেওয়া হলো ওপেনার। সেই ওপেনার, ব্যর্থতার কারণে যিনি বাদ পড়েছিলেন দল থেকে। বাদ পড়ার পর দলে ফেরার মতো শক্ত দাবি জানাতে পারেননি পারফরম্যান্স দিয়ে। প্রশ্ন তাই উঠছেই, কোন প্রক্রিয়ায় এশিয়া কাপের দলে জায়গা পেলেন মোহাম্মদ নাইম শেখ? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের উত্তর, উপযুক্ত আর কাউকে তারা খুঁজে পাননি!

চোটের কারণে বাংলাদেশের এশিয়া কাপ দল থেকে ছিটকে যান হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। পেসার হাসান চোট পান কদিন আগে মিরপুরে অনুশীলনে। তার বদলে কাউকে দলে নেওয়া হয়নি। সোহানের চোট পুরনো, জিম্বাবুয়ে সফর থেকেই ওই চোট নিয়ে ফেরেন তিনি। পরে তার আঙুলে অস্ত্রোপচার করানো হয় সিঙ্গাপুরে।

চোট সেরে যাবে, এই আশা নিয়ে এশিয়া কাপের দলে রাখা হয়েছিল এই কিপার-ব্যাটসম্যানকে। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, সেরে উঠতে সময় লাগবে আরও। তাই তার বদলে সোমবার দলে যুক্ত করা হয় নাঈমকে।

সেই নাঈম, সবশেষ ৯ টি-টোয়েন্টিতে যার ফিফটি নেই। এই সময়ে স্রেফ ১২.৫৫ গড়ে তার রান ১১৩, স্ট্রাইক রেট অবিশ্বাস্যরকমের খারাপ (৮১.৮৮)।

গত বিপিএলে তিনি মিনিস্টার গ্রুপ ঢাকা দলে জায়গা পেতেই ধুঁকেছেন। ৭ ইনিংসে ৮.৩৩ গড়ে তার রান ছিল কেবল ৫০, স্ট্রাইক রেট মোটে ৬৫.৭৮!

এরকম পারফরম্যান্সের পরও নাঈম দলে ফেরার সুখবর পেলেন নিজের ২৩তম জন্মদিনের উপহার হিসেবে।

এমন একজনকে কেন হুট করেই ফেরানো হলো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কারণ ব্যাখ্যা করলেন মিনহাজুল আবেদীন।

“হুট করে নয়, সোহানের চোটের কারণেই নাঈমকে নেওয়া। সোহানের এক্স-রে রিপোর্ট ভালো নয়। আরও সময় লাগবে ওর। আমাদের স্কোয়াডে ওপেনার ছিল মাত্র দুজন, এজন্য আরেকজনকে নিলাম।”

“প্রশ্ন তো আছেই (নাঈমের পারফরম্যান্স নিয়ে)… কিন্তু বেশির ভাগ ক্রিকেটারের তো পারফরম্যান্স ভালো না। কেউ খুব ভালো কিছু করেনি এই ফরম্যাটে। এজন্য ব্যাক আপ ওপেনার হিসেবে নিলাম ওকে। উপায় তো কেউ, কাউকে না কাউকে নিতে হবে।”

ওপেনিং নিয়ে যদিও এতদিন ভিন্ন কথাই বলে আসছিলেন নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক বলেছিলেন, ওপেনিং নিয়ে বিকল্প ভাবনা আছে তাদের। পরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান, মিডল অর্ডার থেকে কাউকে ওপেনিংয়ে তুলে আনার পরিকল্পনা করছেন তারা। সেই ভাবনায় সাকিব আর হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান ও মেহেদী হাসান মিরাজের নামও উচ্চারণ করেছিলেন টিম ডিরেক্টর।

পরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচে ওপেন করে বেশ ভালো পারফর্ম করেন মিরাজ। কিন্তু নাঈমের অন্তর্ভুক্তিতে প্রশ্ন উঠে যাচ্ছে, আগের ভাবনা থেকে দল সরে এলো কিনা।

পুরনো আরেকটি প্রশ্নও উঁকি দিচ্ছে। আগেও নানা সময়ে এক সংস্করণের পারফরম্যান্সে কাউকে অন্য সংস্করণে জাতীয় দলে নেওয়ার নজির আছে অনেক। নাঈমের ডাক পাওয়া সেই অধ্যায়েই হয়তো আরেকটি সংযোজন!

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের ‘এ’ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করেন নাঈম। সিরিজের অন্য দুই ম্যাচে যদিও আউট হন তিনি শূন্য ও ৩ রানে। এক সেঞ্চুরিতেই জাতীয় দলে নাঈম, এই সমীকরণ তাই মেলানো যায়।

প্রধান নির্বাচক সরাসরি অবশ্য সেটি বললেন না। তবে সেঞ্চুরির প্রভাব যে আছে, সেটিও বলে দিলেন। সঙ্গে তুলে ধরলেন নাঈমকে নেওয়ার আরও একটি কারণ।

“ওই ইনিংসের ভূমিকা বলতে… ফরম্যাট তো আলাদা, ৫০ ওভারের ম্যাচে সেঞ্চুরি করেছে। তবে বড় রান করলে একটা ব্যাটসম্যানের আত্মবিশ্বাস ফিরে আসে। এটা একটা ব্যাপার।”

“আরেকটা ব্যাপার হলো, জাতীয় দলে খেলেছে সে আগে। টি-টোয়েন্টি বেশ কিছু খেলেছে, অভিজ্ঞতা আছে। এটাও মাথায় রাখতে হবে।”