জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু দ.আফ্রিকার
প্রতিপক্ষকে অল্পতে থামিয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সিকান্দার রাজার অপরাজিত পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শর কাছে গেল জিম্বাবুয়ে। শুরুতে চাপে পড়লেও রুবিন হারমান ও ডেওয়াল্ড ব্রেভিসের কার্যকর ইনিংসে এই রান সহজেই তাড়া করে ফেলল প্রোটিয়ারা। অনায়াসে জয়ে শুরু করল ত্রিদেশীয় সিরিজে পথচলা।
হারারে স্পোর্টস ক্লাবে সোমবার ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষের ১৪১ রান ২৫ বল বাকি থাকতে টপকে যায় তারা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শুরুতে বিপদে পড়ে। ৩৯ রানে টপ অর্ডারের দুই জনকে হারায় তারা। দারুণ ব্যাটিংয়ে ৪টি চারে ৩০ রান করা ওপেনার ব্রায়ান বেনেটকে কিছুক্ষণ পর বিদায় করে দেন জর্জ লিন্ডা।
৫৫ রানে ৩ উইকেট হারানো দলকে টানেন রাজা ও রায়ান বার্ল। তাদের ৩৮ বল স্থায়ী ৬৬ রানের জুটি ভাঙে এক ছক্কা ও ৩ চারে ২৯ রান করা বার্লের বিদায়ে।
এক প্রান্ত আগলে রেখে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন জিম্বাবুয়ে অধিনায়ক রাজা। ২ ছক্কা ও ৩ চারে ২৮ বলে ৫৪ রান করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। এই ওপেনারকে ফেরানো রিচার্ড এনগারাভা পরের ওভারে বোল্ড করে দেন রিজা হেনড্রিকসকে। রাসি ফন ডার ডাসেনকে টিকতে দেননি ট্রেভর গুয়ান্ডু।
৩৮ রানে ৩ উইকেট হারানো প্রোটিয়াদের লক্ষ্যের পথে এগিয়ে নেন অভিষিক্ত হারমান ও ব্রেভিস। তাদের ৩৭ বলের জুটিতে আসে ৭২ রান। ১ ছক্কা ও ৫ চারে ৪৫ রান করা হারমানের স্টাম্প ভেঙে এই যুগলবন্দি ভাঙেন এনগারাভা।
ম্যাচে এনগারাভার প্রাপ্তি ৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই পেসারের উইকেট এখন ৮৩টি। জিম্বাবুয়ের হয়ে যা সর্বোচ্চ। ছাড়িয়ে যান তিনি রাজার ৮১ উইকেট।
আগ্রাসী ব্যাটিংয়ে ৫ ছক্কা ও ১ চারে ১৭ বলে ৪১ রানের খুনে ইনিংস খেলে ম্যাচ সেরা হন ব্রেভিস। শেষ দিকে ৩ চারে ২৩ রানে অপরাজিত থাকেন অভিষিক্ত কর্বিন বশ।
আগামী বুধবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪১/৬ (মাধেভেরে ১, বেনেট ২০, মাডান্ডে ৮, রাজা ৫৪*, বার্ল ২৯, মুসেকিওয়া ৯, মুনিয়োঙ্গা ০, মাসাকাদজা ১*; এনগিডি ৪-১-১৫-১, বার্গার ৪-০-২২-১, বশ ৪-০-২৬-০, লিন্ডা ৩-০-১০-৩, পিটার ৩-০-২২-১, সিমেলানে ২-০-২৯-০)
দক্ষিণ আফ্রিকা: ১৫.৫ ওভারে ১৪২/৫ (প্রিটোরিয়াস০, হেনড্রিকস ১১, ফন ডার ডাসেন ১৬, হারমান ৪৫, ব্রেভিস ৪১, বশ ২৩*, লিন্ডা ৩*; এনগারাভা ৪-০-৩৫-৩, মুজারাবানি ৩-০-২২-০, গুয়ান্ডু ৩.১-০-১৫-২, মাসাকাদাজা ২-০-২১-০, রাজা ২.৪-০-২৪-০, বার্ল ১-০-২৫-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ডেওয়াল্ড ব্রেভিস।
