২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগ মাতিয়ে ফিরলেন রিতু-সুমনা, ওয়ানডেতে প্রথমবার ইশমা

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের ছাপ পড়েছে বিশ্বকাপ বাছাইয়ের দলে।

প্রিমিয়ার লিগ মাতিয়ে ফিরলেন রিতু-সুমনা, ওয়ানডেতে প্রথমবার ইশমা
প্রিমিয়ার লিগে ভালো করে জাতীয় দলে ফিরেছেন রিতু মনি। ছবি: রিতু মনির ফেইসবুক পাতা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 10:15 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হওয়ার দিনই আরেকটি সুখবর পেলেন রিতু মনি। সামনের বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার। অফ স্পিনে ভেল্কি দেখিয়ে দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে জায়গা পেলেন জান্নাতুল ফেরদৌস সুমনা। 

রিতু-সুমনার মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগে টপ-অর্ডারে সামর্থ্যের ঝলক দেখিয়ে এবার ওয়ানডেতেও ডাক পেলেন ইশমা তানজিম। 

আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে পরিবর্তন আছে কয়েকটি। জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। পায়ের চোটে বাদ পড়েছেন লতা মন্ডল।  

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে শেলটেক ক্রিকেট একাডেমির অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ৭ ইনিংসে দুই ফিফটিসহ ৪৮ গড়ে ৩৩৬ রান করেন ইশমা। সাত ম্যাচের প্রতিটিতে ২৫ স্পর্শ করেন ২৮ বছর বয়সী ব্যাটার।

গত বছরের জুলাইয়ে এশিয়া কাপে প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পান ইশমা। টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি। চার ম্যাচ সাকল্যে করেন ২৪ রান। এবার লিগে আলো ছড়িয়ে ওয়ানডে অভিষেকের সম্ভাবনা জাগালেন তিনি।

৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেটশিকারি ইশমার সতীর্থ সুমনা। গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফিরেছিলেন তিনি। 

ওই সিরিজের ৩ ম্যাচে ৩ উইকেট নেন সুমনা। এবার প্রিমিয়ার লিগে বাজিমাত করে প্রায় সাত বছর পর ওয়ানডে দলে ফিরলেন ২৫ বছর বয়সী অফ স্পিনার। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অভিষেক সিরিজের পর আর ওয়ানডে খেলা হয়নি তার।

জান্নাতুল ফেরদৌস সুমনা (বাঁয়ে) ও ইশমা তানজিম। ছবি: সুমনা ও ইশমার ফেইসবুক পাতা

জান্নাতুল ফেরদৌস সুমনা (বাঁয়ে) ও ইশমা তানজিম

বাজে পারফরম্যান্সের কারণে ক্যারিবিয়ান সফরের দল থেকে বাদ পড়েছিলেন রিতু। এবার প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের হয়ে ৮ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ১৬১ রান করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

অলরাউন্ড নৈপুণ্যে এক সিরিজ পরই জায়গা ফিরে পেয়েছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার।

১৫ জনের দলে রিতু ছাড়াও পেস বিভাগে থাকছেন তরুণ মারুফা আক্তার ও বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। স্পিনে সুমনার সঙ্গে আছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া। এছাড়া স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তারও জায়গা ধরে রেখেছেন দলে।   

ছয় দলের টুর্নামেন্ট খেলতে আগামী ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা হবে নিগার সুলতানার দল। বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়া বাছাইয়ের বাকি চার দল ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড। 

রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 

পয়েন্ট টেবিলের সেরা দুই দল পাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকেট। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে টুর্নামেন্টের সব ম্যাচ। 

মূল পর্ব শুরুর আগে ৫ এপ্রিল স্কটল্যান্ড ও ৭ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নিগারের দল।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিম খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার, রিতু মনি।

নতুন মুখ: ইশমা তানজিম

দলে ফিরলেন: জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মনি

বাদ পড়লেন: মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন, তাজ নেহার

চোটের কারণে নেই: লতা মন্ডল