টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 02 Jan 2026, 09:52 PM
পুনর্জীবন পাওয়া আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এবার বিশ্বকাপ খেলার হাতছানি গ্রায়েম ক্রিমারের সামনে। টি-টোয়েন্টির আসছে বৈশ্বিক আসরের দলে ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে রেখেছে জিম্বাবুয়ে।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল দিয়েছে জিম্বাবুয়ে। সবশেষ খেলা ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে কেবল একটি পরিবর্তন এনেছে তারা।
পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলা ওই সিরিজে পিঠের চোটের কারণে খেলতে পারেননি পেসার ব্লেসিং মুজারাবানি। বিশ্বকাপের জন্য তাকে ফিরিয়েছে জিম্বাবুয়ে। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি।
গত অক্টোবরে আফগানিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন ক্রিমার। কিন্তু তিন ম্যাচের ওই টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। পরে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ দিয়ে ২০১৮ সালের পর প্রথমবার জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেন দলটির সাবেক অধিনায়ক।
সবকিছু ঠিক থাকলে এবার বিশ্বকাপেও জিম্বাবুয়ের জার্সিতে দেখা যাবে ক্রিমারকে। ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি।
অভিজ্ঞ শন উইলিয়ামসের জায়গায় বিশ্বকাপ বাছাইয়ে দলে আসা ক্লাইভ মাডান্ডে ধরে রেখেছেন জায়গা। জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চার ম্যাচে ৭৬ গড় ও ১৩৮.১৮ স্ট্রাইক রেটে ১৫২ রান করেছেন এই কিপার-ব্যাটসম্যান।
অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান ব্রেন্ডান টেইলরকেও পাচ্ছে জিম্বাবুয়ে। বিশ্বকাপে আফ্রিকার দেশটিকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। দলে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভাও।
বাছাইপর্ব উতরাতে না পারায় ২০২৪ বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইয়ে অপরাজিত থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় তারা।
‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। আগামী ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডান টেইলর।