সিরিজ ড্র করতে পারলেই বড় অর্জন দেখছেন ভারতীয় অধিনায়ক
তুলনামূলক তরুণ দল নিয়ে চার টেস্টে ভারতের লড়াইয়ে দারুণ গর্বিত শুবমান গিল এখন তাকিয়ে শেষ টেস্টের প্রাপ্তির দিকে।
ভিরাট কোহলি, রাভিচান্দ্রান অশ্বিন, রোহিত শার্মার মতো তিন মহারথী অবসরে। নতুন অধিনায়কের নেতৃত্বের অভিজ্ঞতা কেবল পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচের। দেশের বাইরে তার ব্যাটিং সামর্থ্য নিয়েও প্রশ্ন বিস্তর। অনেক প্রশ্নকে সঙ্গী করে ইংল্যান্ডে যাওয়া সেই দল নতুন অধিনায়কের নেতৃত্বে চার টেস্ট শেষেও জিইয়ে রাখতে পেরেছে সিরিজের উত্তেজনা। এখন শেষটা ভালো করার অপেক্ষা।
সিরিজ জয়ের আশা যদিও শেষ হয়ে গেছে আগেই। নতুন অধিনায়ক ও তরুণ দলকে নিয়ে সেই আশা করার মতো বেশি লোক ছিলও না। ভারত যদিও সিরিজে পিছিয়ে আছে এখনও। তবে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে পারলে সেটিকেই বড় প্রাপ্তি মানবেন অধিনায়ক শুবমান গিল।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির রোমাঞ্চকর চারটি টেস্ট শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে পরাজয়ের চোখ রাঙানির মাঝে লোকেশ রাহুল ও শুবমান গিলের লড়াইয়ের পর শেষ দিনে রাভিন্দ্রা জাদেজা ও ওয়াশিংটন সুন্দারের অসাধারণ লড়াইয়ে ম্যাচ বাঁচায় ভারত। ওভালে বৃহস্পতিবার শুরু তাদের সিরিজ বাঁচানোর লড়াই।
এই চার টেস্টের রোমাঞ্চকে সঙ্গী করে শেষ টেস্ট শুরুর আগের দিন গিল বললেন, শেষের প্রাপ্তিটুকু মিললেই তৃপ্তি নিয়ে ফিরবেন তারা।
“খুবই উল্লেখযোগ্য হবে (সিরিজ ড্রয়ের অর্জন)। যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি, কখনও কখনও কোনো সিরিজের স্কোরকার্ড, এই সিরিজে আমাদের অবস্থান যেমন, এসবে সবকিছু ফুটে ওঠে না। প্রতিটি ম্যাচেই চার দিন শেষেও বোঝা কঠিন ছিল কোন দল জিততে চলেছে।”
“তুলনামূলক তরুণ দল নিয়ে ভারতের বাইরে এসে চার টেস্ট ধরে আমরা এটা করতে পেরেছি। এখন শেষ পর্যন্ত সিরিজ সমতায় শেষ করতে পারলে আমাদের জন্য তা হবে বড় অর্জন।”
ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে সিরিজটি গিলের জন্য হয়ে থাকবে অবিস্মরণীয়। টেস্ট নেতৃত্বের অভিষেক সিরিজেই ইংল্যান্ডে গিয়ে রেকর্ড ও মাইলফলকের পথ ধরে চার টেস্টে ৭২২ রান করে ফেলেছেন তিনি। আরও রেকর্ড ও ইতিহাস গড়ার হাতছানি আছে তার সামনে শেষ টেস্টে। মাঠের ভেতরে-বাইরে নেতৃত্বেও রেখেছেন দক্ষতার ছাপ। মাঠে তার কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন উঠেছে বটে। নবীন অধিনায়কের ক্ষেত্রে সেটা অস্বাভাবিকও নয়। বরং আগ্রাসন ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি।
তার কাছে এটি দারুণ এক শিক্ষাসফর, যেটির শেষটুকু করতে চান তিনি ভালোভাবে।
“আমার জন্য এই সিরিজ দারুণ শিক্ষণীয়। কিছু কিছু ব্যাপার আছে, যা কেবল অভিজ্ঞতা থেকেই শেখা যায় এবং আমাদের খেলা এই চারটি ম্যাচ থেকে এত কিছু শিখেছি… আশা করি, শেষটাও ভালোভাবে করতে পারব।”
