কামিন্সের চোখে বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়া ও ভারত সমানে-সমান
পুরোনো ভুল শুধরে ট্রফিটি পুনরুদ্ধার করতে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া অধিনায়ক।
টেস্টে ভারতের বিপক্ষে লড়াই সব সময়ই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় বলে মনে করেন প্যাট কামিন্স। আসছে সিরিজটিতেও তেমনই কিছু দেখার অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তার মতে, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এই দুই দল সর্বদা সমানে-সমান।
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে বোর্ডার-গাভাস্কার সিরিজ। ৩৩ বছর পর প্রথমবার পাঁচ টেস্টের সিরিজ খেলবে দুই দল। সবশেষ ১৯৯১-৯২ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরেই হয়েছিল পাঁচ টেস্ট।
আসছে সিরিজটি ঘরের মাঠে হওয়ায় কন্ডিশনের বাড়তি সুবিধা পাবে অস্ট্রেলিয়া। তবে ভারতকে খাটো করে দেখতে নারাজ কামিন্স। কারণ নিজেদের আঙিনায় ভারতের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট সিরিজে হেরেছিল তারা।
সব মিলিয়ে ভারতের বিপক্ষে গত চারটি টেস্ট সিরিজেই ২-১ ব্যবধানে হারের তেতো স্বাদ পায় অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি সবশেষ জিতেছিল তারা ২০১৪-১৫ মৌসুমে। এবার পুরনো ভুল শুধরে ট্রফিটি পুনরুদ্ধার করতে আত্মবিশ্বাসী কামিন্স।
“(ভারতের বিপক্ষে) সবশেষ টেস্ট ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপে নিরপেক্ষ ভেন্যুতে এবং আমরা ওই ম্যাচটি জিতেছিলাম। তাদের বিপক্ষে লড়াই সবসময়ই প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবসময়ই মনে হয়, দুই দলের ৫০-৫০ সুযোগ রয়েছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য আমি শতভাগ রোমাঞ্চিত।”
“অস্ট্রেলিয়ায় শেষ দুটি সিরিজে আমরা জিততে পারিনি। আশা করি, সময় এসেছে (ভুল) সংশোধন করার। আমরা তাদের বিপক্ষে অনেকবার খেলেছি যেখানে তারা আমাদের হারিয়েছে, তবে আমরাও প্রচুর জয় পেয়েছি, যা থেকে আমরা আত্মবিশ্বাস অর্জন করব।”
আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ।
