২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ‘সত্যানুসন্ধান কমিটি’

বিপিএলের পারিশ্রমিক সমস্যাকে ‘দেশের সম্মানের জন্য হানিকর’ উল্লেখ করে ব্যাপারটি খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 07:51 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

চলতি বিপিএলে পারিশ্রমিক বিতর্ককে দেশের সম্মানের জন্য হানিকর বলে মনে করে জাতীয় ক্রীড়া পরিষদ। বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত সবকিছু খতিয়ে দেখতে বিশেষ একটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এ অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সংক্রান্ত ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন।

তিন সদস্যের কমিটিতে আহবায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে (ক্রীড়া)। সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক (ক্রীড়া)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “এবারের বিপিএল আয়োজনে ৩টি ক্রীড়া অবকাঠামো মেরামত/সংস্কারে সরকার কতৃক বড় অঙ্কের অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।” বিপিএল পারিশ্রমিক সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু খবর ক্রীড়া পরিষদের নজরে এসেছে এবং তারা মনে করে, “পারিশ্রমিক পরিশোধ না করা হলে তা বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর।”

উত্থাপিত ইস্যুগুলো যথাযথ খতিয়ে দেখতে এই সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে এই কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এবারের বিপিএলে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো ও যথাযথ নিয়মে না দেওয়ায় তুমুল বিতর্ক ছড়িয়েছে কয়েক দফায়, যা চলছে এখনও।