ওয়ানডের অধিনায়কত্ব হারিয়ে যে কারণে সহ-অধিনায়ক হলেন শান্ত
গত জুনে বিতর্কিতভাবে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে, বিস্ময়করভাবে তাকেই আবার সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।
‘বোর্ড দিল, নিয়ে নিলাম…”, এটুকু বলেই হেসে ফেললেন নাজমুল হোসেন শান্ত। পাঁচ মাস আগে তাকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিতর্কিতভাবে। সেই তিনিই কেন আবার ওয়ানডেরই সহ-অধিনায়ক হলেন, এই প্রশ্ন করা হয়েছিল তাকে। তিনি শুরুতে একটু মজা করলেন। পরমুহূর্তেই অবশ্য আবার বললেন, ‘নাহ, এমন নয়।’ এরপর সহ-অধিনায়ক হওয়ার কারণও ব্যাখ্যা করলেন তিনি।
গত কয়েক মাসে শান্তর অধিনায়কত্ব ও তিন দলেরই নেতৃত্ব নিয়ে যা হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে, এদেশের ক্রিকেটের চিরায়ত অস্থিরতা ও পরিকল্পনাহীনতার চিত্রই যেন ফুটে উঠেছে তাতে।
গত জুন মাসে আচমকাই শান্তকে সরিয়ে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। সেই সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, দুটিই ছিল প্রবল প্রশ্নবিদ্ধ। শান্ত প্রকাশ্যে কিছু না বললেও অসন্তুষ্ট ছিলেন। সেটিই ফুটে ওঠে কদিন পর, যখন তিনি নিজে থেকেই ছেড়ে দেন টেস্ট দলের অধিনায়কত্ব।
এরপর পেরিয়ে যায় কয়েক মাস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে শান্তকেই আবার টেস্ট অধিনায়কত্ব চালিয়ে যেতে রাজি করায় বিসিবি। এই সিরিজের মাঝপথেই জানানো হয়, ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে শান্তকে, টেস্ট দলের সহ-অধিনায়ক মিরাজ।
এছাড়া টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে, যিনি মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের নিচে জমিন খুঁজে পেতে শুরু করেছেন। অনেক প্রশ্ন আছে এটি নিয়েও।
তবে শান্তর ব্যাপারটিই সবচেয়ে কৌতূহল জাগানিয়া। অধিনায়কত্ব হারিয়ে কিছুদিন পরই আবার সহ-অধিনায়ক হওয়া বা সেই দায়িত্ব নেওয়ার নজির বাংলাদেশে বিরল।
শান্ত বললেন, বৃহত্তর স্বার্থের কথা ভেবেই আবার নেতৃত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন তিনি।
“সহ-অধিনায়কের বিষয়টা ক্রিকেট বোর্ড আবার সিদ্ধান্ত নিয়েছে। কথা হয়েছে… হয়েছিল টুকটাক (সিদ্ধান্তের আগে)। আমি ব্যক্তি নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়। দলের কথা চিন্তা করে আবার এ জায়গায় ফেরত এসেছি। আমি চেষ্টা করব, আমার যে দায়িত্বটা আছে, ঠিকমতো যেন পালন করতে পারি।”
পাল্টা প্রশ্নও ছুটে যায় শান্তর কাছে, নেতৃত্ব ছাড়ার সময় তাহলে দলের কথা ভাবেননি কেন? তিনি এমনকি এটাও বলেছিলেন, তিন সংস্করণে তিন অধিনায়ক বাংলাদেশের বাস্তবতায় কার্যকর হবে না বলেই মনে করেন তিনি। অথচ তিন সংস্করণে তিন অধিনায়ক তো বটেই, সহ-অধিনায়কও তিনজন। শান্ত নিজেও সেটির অংশ।
এবার শান্ত বললেন, বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েই তিনি আবার টেস্টের অধিনায়ক হয়েছেন এবং ওয়ানডেতে সহ-অধিনায়ক হতে রাজি হয়েছেন।
“একটা সময় যখন অধিনায়কত্বটা আমার কাছ থেকে ক্রিকেট বোর্ড নিয়ে নিল, তারপরে আমি যখন আবার নিজে থেকে টেস্ট অধিনায়কত্ব ছাড়লাম, ওই সময় আমার চিন্তাভাবনা একরকম ছিল। এরপর যত দিন গেছে, যখন দলের কথা চিন্তা করা হয়েছে… দেশ যদিও দেশের জায়গাতেই আছে, দলও আছে দলের জায়গাতেই, কিন্তু আমার মনে হয়েছে, যদি চালিয়ে যাই, দলকে আরও ভালো কিছু দিতে পারব।”
“ওই ওই বিশ্বাস থেকে এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে যোগাযোগ করেছে, যেভাবে ব্যাখ্যা দিয়েছে আমাকে, ওটাতে আমি ভরসা রেখেছি। আশা করি, বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দেবে। এই সিরিজে আমি খুব ভালোভাবে পেয়েছি। আমি আশা করছি, সামনে ওই জিনিসগুলো আমার প্রয়োজন আবার পাব। এই সবগুলো বিষয় চিন্তা করেই আবার অধিনায়কত্ব নিয়েছি এবং সহ-অধিনায়কের ইসুটাও ওভাবেই আসলে নেওয়া হয়েছে।”
