২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই সিলেটেই ১১ বছর পর এনামুলের সেঞ্চুরি

শেষ ওভারে চার ও ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, প্রথম সেঞ্চুরিটি করেছিলেন এই মাঠেই ২০১৩ সালে।

সেই সিলেটেই ১১ বছর পর এনামুলের সেঞ্চুরি
এনামুল হকের সেঞ্চুরির উচ্ছ্বাস। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2024, 12:14 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

পুল শটে বল যখন উড়ে গেল সীমানার ওপারে, এনামুল হক তখন ভূপাতিত ক্রিজে। ছক্কা হতে দেখেই হেলমেট খুলে হাঁটু গেড়ে বসেন পড়লেন তিনি, পরমুহূর্তেই শরীরকে ছেড়ে দিলেন মাটির আশ্রয়ে। পরে শুয়ে থেকেই আকাশের দিকে ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরলেন। একটু পর উঠে দাঁড়িয়ে মুখে চওড়া হাসি ঝুলিয়ে উদযাপন করলেন আরও কিছুক্ষণ। তাকে আলিঙ্গনে জড়ালেন ক্রিজে সঙ্গী নুরুল হাসান সোহান।

৮৮ রান নিয়ে শেষ ওভারটি শুরু করেন এনামুল। স্ট্রাইকে ছিলেন না তিনি। তবে দ্বিতীয় বলেই স্ট্রাইক পেয়ে বাউন্ডারিতে পেরিয়ে যান নব্বই। চতুর্থ বলে আসে দুটি রান। পঞ্চম বলে ওই ছক্কায় সেঞ্চুরি।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি মঙ্গলবার সকালে সিলেটে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে এনামুল খেলেন ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস। তার ইনিংসে ছক্কা ৫টি, চার ১০টি।

এনামুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় শতরান এটি। প্রথমটি করেছিলেন এই মাঠেই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম ছিল তখন শুধু সিলেট স্টেডিয়াম। ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

শূন্য দিয়ে শুরু করা এই আসরে আগের চার ম্যাচে এনামুলের মোট রান ছিল ৪৬। অবশেষে দলের প্রত্যাশার প্রতিদান তিনি দিতে পারলেন বড় ইনিংস খেলে। 

এনামুল সাধারণত যেভাবে ব্যাট করেন, এই ইনিংসটিও ঠিক তেমনই। যেখানে সমাহার দারুণ কিছু শটের, কখনও কিছুটা মন্থর হয়ে যাওয়া, আবার বড় শটে তা পুষিয়ে দেওয়া।

পাওয়ার প্লেতে তিনি ৩৩ রান করেন ২২ বল খেলে। এরপর স্লগ সুইপে দারুণ এক ছক্কা মারেন শুভাগত হোমকে। ফিফটি করতে ৩৮ বল লাগে তার।

দ্বাদশ ওভারের পর চার ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেননি তিনি। তখন সেঞ্চুরিও মনে হচ্ছিল বেশ দূরের পথ। ১৬ ওভার শেষে তার রান ছিল ৫২ বলে ৬৩। তবে শেষ দিকে আবার গতি বাড়িয়ে তিন অঙ্কের দিকে ছুটে যান ৩২ বছল বয়সী ব্যাটসম্যান।

সপ্তদশ ওভারে দুটি চার মারেন তিনি ইমনকে, পরের ওভারে ছক্কা মারেন নাজমুল ইসলাম অপুকে। শেষের আগের ওভারে চার ও ছক্কা মারেন সালাউদ্দিন সাকিলকে।

শেষ ওভারটি করেন সদ্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যান অব দা ফাইনাল ও ম্যান অব দা টুর্নামেন্ট ইমন। তার প্রথম বলে সিঙ্গল নেন নুরুল হাসান সোহান। পরের বলে এনামুল চার পান ব্যাটের কানায় লেগে। তৃতীয় বলটিতে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি। পরের বলে লং অনে পাঠিয়ে দ্রুততায় ছুটে নেন দুটি রান। এরপর শর্ট বলে পুল করে ছক্কায় সেঞ্চুরি।

শেষ বলে ১ রান নিয়ে অপরাজিত থেকে শেষ করেন ইনিংস।

তার সঙ্গে ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। ২০ ওভারে ৩ উইকেটে ১৮০ রান তোলে খুলনা। 

জাতীয় লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় সেঞ্চুরি এনামুলের এই ইনিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ১০ ছক্কায় ৫৩ বলে ১০০ করেছিলেন তরুণ ওপেনার জিসান আলম। সেই ম্যাচেই ৯৪ রানে আউট হন ঢাকার আরিফুল ইসলাম। পরে চট্টগ্রামের হয়ে ৯১ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল।