বাজের কোচিংয়ে সাদা বলেও সাফল্যের আশায় স্টোকস
নিউ জিল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যানকে তিন সংস্করণের দায়িত্ব দেওয়াটা অসাধারণ এক পদক্ষেপ মনে করছেন ইংলিশ টেস্ট অধিনায়ক।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ব্রেন্ডন ম্যাককালামকে ইংল্যান্ডের কোচ করার সিদ্ধান্ত বেশ পছন্দ হয়েছে বেন স্টোকসের। ইংলিশ অলরাউন্ডারের মতে, সীমিত ওভারের ক্রিকেটেও দারুণ কার্যকর হবেন তাদের টেস্ট দলের কোচ।
২০২২ সালের মে মাসে ওই সময়ে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ম্যাককালাম। তার কোচিংয়ে দ্রুতই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। লাল বলেও শুরু করে আগ্রাসী ক্রিকেট, একের পর এক সাফল্যও আসতে থাকে। টেস্টে ইংল্যান্ডের এই ধরন পরিচিতি পেয়ে গেছে ‘বাজবল’ নামে, যা এসেছে ম্যাককালামের ডাকনাম ‘বাজ’ থেকে।
ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর ২৮ টেস্টের মধ্যে ১৯টিই জিতেছে ইংল্যান্ড। ৯ সিরিজের মধ্যে তাদের জয় ছয়টিতে। এই সময়ে কেবল একটি সিরিজই হারে তারা, চলতি বছরের শুরুতে ভারতের মাটিতে।
টেস্টে দুর্বার গতিতে ছুটে চলা ইংল্যান্ড অন্য দুই সংস্করণে আবার নিজেদের হারিয়ে খুঁজছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলটি ২০২৩ আসরে পার করতে পারেনি প্রাথমিক পর্বই। আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ইংলিশরা সবশেষ আসরে বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে।
সীমিত ওভারের ক্রিকেটে দলের একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের পর চাপের মুখে গত জুলাইয়ের শেষ দিকে দায়িত্ব ছেড়ে দেন ম্যাথু মট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার নিশ্চিত করে সাদা বলেও ম্যাককালামকে নিয়োগ দেওয়ার কথা। ৪২ বছর বয়সী সাবেক বিস্ফোরক ব্যাটসম্যানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের শেষ পর্যন্ত।
ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকসের লম্বা সময় ধরে ম্যাককালামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। তার মতে, এই কোচের সান্নিধ্য সাদা বলের ক্রিকেটের নতুন প্রজন্মকে অনেক বেশি পরিণত করবে।
“সবার প্রথমে আমার মনে হয়, ইংলিশ ক্রিকেটে সব সংস্করণের জন্য একজন কোচের দায়িত্বে ফিরে আসা অবিশ্বাস্য এক পদক্ষেপ। টেস্ট দল নিয়ে বাজ (ম্যাককালাম) যা অর্জন করেছে তা অসাধারণ। সাদা বলের দলের জন্য বাজের সঙ্গে কাজ করার, তার কথা ও মতামত শোনার সুযোগ পাওয়া আমার মতে সত্যিই রোমাঞ্চকর হবে।”
“আমার মনে হয়, কোচ হিসেবে তাকে পেয়ে জস সত্যিই অনেক উপভোগ করবে। এখন সাদা বলের দলে আসা নতুন মুখগুলোর কথা চিন্তা করেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আসা এসব ক্রিকেটারদের কাজ করার জন্য তার (ম্যাককালামের) চেয়ে ভালো ব্যক্তি আমি ভাবতে পারি না।”
কোচ হিসেবে ম্যাককালামের দর্শন সম্পর্কেও কিছুটা তুলে ধরেন স্টোকস।
“তিনি সবাইকে মাঠে নেমে উপভোগ করার সুযোগ দেন। এর অর্থ এই নয় যে, এটার প্রতিফলন সবসময় পারফরম্যান্সের পড়বে। তবে বাজ এখন পর্যন্ত কারও কাঁধে কোনো অতিরিক্ত চাপ দেয়নি।”
“আমার মধ্যে যদি কোনো স্বার্থপরতা থাকত, আমি বলতাম ‘না, দয়া করে এটা (সাদা বলের দায়িত্ব তাকে দেওয়া) করো না’। কিন্তু আমি একজন ইংলিশ সমর্থক, ইংল্যান্ড ক্রিকেটের ভক্ত এবং সাদা বলের দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার চেয়ে ভালো কাউকে আমি ভাবতে পারি না।”
ম্যাককালাম আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব শুরু করবেন আগামী বছরের জানুয়ারিতে, ভারত সফর দিয়ে। এরপর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
