Published : 24 Jan 2026, 10:08 PM
ভারতের বয়সভিত্তিক চার দিনের ম্যাচের প্রতিযোগিতা কর্নেল সিকে নাইডু ট্রফিতে কোয়াড্রপল সেঞ্চুরি করেছেন রাজান দিপ। প্রতিযোগিতাটির ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই প্রতিযোগিতায় ঝাড়খান্ডের হয়ে মেঘালয়ের বিপক্ষে শনিবার ম্যাচের দ্বিতীয় দিন অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেন রাজান। চার নম্বরে নেমে তার ৩৮৭ বলের ম্যারাথন ইনিংসটি গড়া ৪৩ চার ও ৭ ছক্কায়।
এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি এখনও ইয়াশভার্ধান দালালের। ২০২৪ সালের নভেম্বরে হরিয়ানার হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ৪৬৫ বলে অপরাজিত ৪২৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ঝাড়খান্ডের ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না। ৩০ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। তৃতীয় উইকেটে নাকুল ইয়াদাভের সঙ্গে ২৭৬ রানের জুটিতে দলকে এগিয়ে নেন রাজান। ১১৩ রান করে নাকুলের বিদায়ের পর, চতুর্থ উইকেটে শুব শার্মার সঙ্গে ৬৩ রানের জুটিতে তিনি করেন ২৫ বলে ৩৮।

অপ্রতিরোধ্য রাজানের সামনে মেঘালয় তাদের প্রতিটি আউটফিল্ড খেলোয়াড়কে দিয়ে বোলিং করাতে বাধ্য হয়। কোনাইন কুরাইশির সঙ্গে ১৫৫ রানের জুটিতে রাজান করেন ৯৩ বলে ৯৬, নিতিন পান্ডের সঙ্গে ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে তার অবদান ৮৩ বলে ১১৩।
চারশ ছোঁয়ার পরই ইনিংস ঘোষণা করে দেন ঝাড়খান্ড অধিনায়ক রাজান। ৫ উইকেটে ৭০০ রান করে তারা।
জবাবে দ্বিতীয় দিন শেষে ৭৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলে মেঘালয়।
ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সিকে নাইডুর নামে বিভিন্ন রাজ্য ও আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অংশগ্রহণে ১৯৭৩-৭৪ মৌসুম থেকে হয়ে আসছে এই প্রতিযোগিতা। ৩৮ দলের প্রতিযোগিতাটি কখনও হয়েছে অনূর্ধ্ব ২২, অনূর্ধ্ব-২৩, আবার কখনও অনূর্ধ্ব-২৫ পর্যায়ে।