২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে নামা নিয়ে পিটারসেনের তীর্যক প্রশ্নের জবাব দিলেন লায়ন

পায়ে চোট নিয়েও লায়ন খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন বলে তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন।

ব্যাটিংয়ে নামা নিয়ে পিটারসেনের তীর্যক প্রশ্নের জবাব দিলেন লায়ন

চোট নিয়ে ব্যাটিংয়ে নামার পররান নিতে গিয়ে যন্ত্রণায় ভুগছেন ন্যাথান লায়ন। 

স্পোর্টস ডেস্ক

Published : 02 Jul 2023, 01:45 PM

Updated : 02 Jul 2023, 02:05 PM

পায়ে চোট পেয়ে যিনি হাঁটছিলেন ক্রাচে ভর দিয়ে, তাকেই পরে দেখা গেল ব্যাট হাতে ক্রিজে নামতে। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে নামলেন ন্যাথান লায়ন, দাঁড়িয়ে তালি দিয়ে তাকে অভিবাদন জানাল গোটা লর্ডস। ইংলিশ ক্রিকেটাররাও সামিল হলেন তাতে। তার এই বীরত্বে চারপাশে প্রশংসার জোয়ার। তবে সেখানেই সংশয়ের রেশ মাখিয়ে দিয়েছিলেন কেভিন পিটারসেন। লায়ন অবশ্য সেই সন্দেহের কথা শুনে জবাব দিলেন বিরক্তি নিয়ে। 

অ্যাশেজের লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের পর টান লাগে লায়নের পেশিতে। তখনই মাঠের বাইরে চলে যান তিনি। এরপর আর বোলিং করা তো বহুদূর, তাকে হাঁটতে হচ্ছিল ক্রাচে ভর দিয়ে। তবে চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামেন তিনি। অনেকটা এক পায়ে ভর দিয়ে মাঠে নামতে দেখা যায় তাকে। শেষ উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে মিলে যোগ করেন ১৫ রান। তার ব্যাট থেকে আসে একটি বাউন্ডারিও। 

চোট নিয়েও ওভাবে ব্যাট করতে নামায় লায়নের স্তুতি চলছে স্বাভাবিকভাবেই। তবে স্কাই স্পোর্টসে ধারাভাষ্যে ঘটনাটিকে ভিন্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করেন পিটারসেন। ‘কনকাশন’ থেকে বদলি ক্রিকেটার নেওয়ার চেষ্টাতেই লায়নের ব্যাটিংয়ে নামা কি না, সেই প্রশ্ন তোলেন তিনি। 

“ভেবে দেখুন, তার (লায়নের) মাথায় বল লাগল আর তারা একজন কনকাশন (বদলি) পেল! তাদের দলে তো একইরকম বদলি আছেই, বিশ্বকাপের একজন স্পিনার আছে (টড মার্ফি), ভারতে সে যেভাবে পারফর্ম করেছে। এটিও কিন্তু ভাবনার খোরাক জোগায়…।” 

নিয়ম অনুযায়ী, কেবল কনকাশন হলেই বদলি কোনো ক্রিকেটার ম্যাচের মাঝখানে দলে নেওয়া যায়। অন্য কোনো চোটের বদলি নেওয়ার সুযোগ নেই। 

দিনের খেলা শেষে লায়নের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠল। বেশ বিরক্তি নিয়েই এই স্পিনার টেনে আনলেন ২০১৪ সালে বাউন্সার খেলতে গিয়ে আঘাত পেয়ে ফিল হিউজের মৃত্যুর প্রসঙ্গ। 

“আমি যতদিন ধরে খেলছি, টেস্ট ক্রিকেট চলে আসছে এর আরও অনেক বছর আগে থেকে এবং চোটাঘাত সবসময়ই খেলাটির অংশ। এরকম মন্তব্যের কথা জানতে পেরেছি যে, মাথায় আঘাত পাওয়ার জন্যই নাকি আমি ব্যাটিংয়ে নেমেছি। তবে আমি তা মোটেও মানছি না।” 

“মাথায় আঘাত পেয়ে একজন সতীর্থকে হারাতে হয়েছে আমাদের। সত্যি বলতে তাই, এই ধরনের আলোচনাই ভীষণ দুঃখজনক।” 

Image

ন্যাথান লায়নের সঙ্গে কথা বলছেন জো রুট। 

চোট আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকলেও দলের প্রয়োজনেই ব্যাট হাতে নেমেছিলেন বলে জানালেন লায়ন। এরকম পরিস্থিতি হলে ভবিষ্যতেও আবার নামতে তিনি পিছপা হবেন না বলেই দাবি করলেন। 

“ঝুঁকির কথা জানতাম। তবে আমি এটিকে যেভাবে দেখি… দলের জন্য আমি সবকিছুই করতে পারি। অ্যাশেজের মতো একটি সিরিজে, কে জানে, ১৫ রানের জুটিও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।” 

“মাঠে নেমে এটি করতে পারায় নিজেকে নিয়ে আমি গর্বিত। প্রয়োজন হলে আবার এবং বারবার এটি করব। এই দলকে আমি ভালোবাসি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে ভালোবাসি। যদি নিজের ভূমিকা পালন করতে পারি এবং দলকে সহায়তা করতে পারি, সবসময়ই করে যাব তা।” 

লায়নের চোটের মাত্রা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। লর্ডস টেস্ট শেষে আবার পরীক্ষা করে দেখা হবে। তবে সিরিজ থেকে তার ছিটকে পড়া একরকম নিশ্চিতই। টেস্ট ইতিহাসের প্রথম বিশেষজ্ঞ বোলার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার কীর্তি গড়ার ম্যাচেই চোট পেয়ে থমকে যাওয়ার পথে তার রেকর্ড যাত্রা। 

ক্যারিয়ারের শুরুর ২ বছরে পারফরম্যান্স আর দলীয় সমন্বয়ের কারণে ৪টি টেস্ট তিনি খেলতে পারেননি। কিন্তু ১২২ টেস্টের ক্যারিয়ারে চোটের কারণে একটি টেস্টও তাকে বাইরে থাকতে হয়নি। এবারের চোট তাই তার জন্য এসেছে বড় ধাক্কা হয়ে। 

“ভীষণভাবে ভেঙে পড়েছি… কান্না করেছি আমি, প্রচণ্ড হতাশ। খুব কষ্ট হচ্ছে। এটিই বুঝিয়ে দেয়, এই দল আমার কাছে সবকিছু। এখন আমার পুনবার্সন শুরু হবে এবং নিজের ভূমিকা পালনে ও ভালোবাসার কাজটি করে ফেরার লড়াই শুরু হবে।” 

“১৩ বছর ধরে খেলে যাওয়ার পর এবং একটি ম্যাচও মিস না করার পর… কাজটি খুব চ্যালেঞ্জিং হবে। আলাদা একটি অভিজ্ঞতা হবে। তবে আমাদের তো সবসময়ই ভিন্ন সব চ্যালেঞ্জে সামনে তাকাতে হয় এবং আরও ভালো হয়ে ওঠার পথ খুঁজতে হয়।”