১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলতে না পারা আফ্রিকার দলটি এবার নিশ্চিত করেছে টিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 11:31 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসছে আসরের টিকেট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বছরের বৈশ্বিক টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে তারা। 

বাছাইয়ের বৈতরণী উতরাতে না পেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইয়ের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার তারা কেনিয়াকে উড়িয়ে নিশ্চিত করে বিশ্বকাপে খেলা।

হারারেতে এদিন কেনিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের জয় ৭ উইকেটে। প্রতিপক্ষকে ১২২ রানে আটকে দিয়ে ৩০ বল আগে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা।

জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্রায়ান বেনেট। রান তাড়ায় ইনিংস শুরু করতে নেমে ২ ছক্কা ও ৮ চারে ২৫ বলে ৫১ রানের খুনে ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে ৫ চারে ৩৯ রান করেন টাডিওয়ানাশে মারুমানি।

কেনিয়ার ইনিংসকে কেবল একজনই ছড়ান আলো। ১ ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৬৫ রান করেন রাকেপ প্যাটেল। আর কেউ ২০ রানও করতে পারেননি।

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থ আসরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আর কেবল তিনটি জায়গা বাকি আছে। দল তিনটি আসবে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে।