১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুনির ২৬ মাসের রাজত্ব কেড়ে নিলেন ভল

উইমেন’স টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার।

মুনির ২৬ মাসের রাজত্ব কেড়ে নিলেন ভল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর জর্জিয়া ভল। ছবি: অস্ট্রেলিয়া উইমেন’স ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 08:31 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার জর্জিয়া ভল। স্বদেশি বেথ মুনিকে হটিয়ে আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। 

গত সপ্তাহে সেন্ট ভিনভেন্টে ওই ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করেন ভল। ৯ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে ১০১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৪০ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।

ওই সেঞ্চুরিতে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক পেরিয়ে ভলের পয়েন্ট হয়েছে ক্যারিয়ার সেরা ৮১৫। মঙ্গলবার নারী ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আট ধাপ এগিয়ে চূড়ায় আছেন তিনি। 

এতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে মুনির ২৬ মাসের রাজত্বের অবসান ঘটেছে। ২০২৪ সালের জানুয়ারিতে তাহলিয়া ম্যাকগ্রাকে সরিয়ে শীর্ষে ওঠার পর থেকে চলছিল তার এই রাজত্ব। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি।

এক ধাপ এগিয়ে উইমেন’স টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার। নিউ জিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

কার পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউসকে। ২০২৩ সালের অক্টোবরে অ্যাশলি গার্ডনারকে হটিয়ে শীর্ষে ওঠার পর প্রায় আড়াই বছর এই অবস্থান ধরে রেখেছিলেন তিনি।

ক্রাইস্টচার্চে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‍্যাঙ্কিংয়ে পেলেন কার। ওই ম্যাচে ব্যাট হাতে ৫৫ বলে ১০৫ রানের ইনিংস খেলার পর, হাত ঘুরিয়ে ৬ রানে ২ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দা ম্যাচ’ হন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

উইমেন’স টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।