ভারত সফরে বাংলাদেশের টি-টোয়েন্টির ভেন্যু বদল
দুই দলের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু ধারামসালা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত সফরে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু বদলে ফেলা হয়েছে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়া কথা ছিল ধারামসালায়, আগামী ৬ অক্টোবর। সেখান থেকে সরিয়ে এখন ম্যাচটি হবে গোয়ালিয়রে।
ভেন্যু পরিবর্তনের কারণ হিসেবে মঙ্গলবার বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসসিয়েশনের ক্রিকেট মাঠের ড্রেসিং রুমের ‘উন্নতি ও সংস্কার’ করার বিষয়টি। এই নিয়ে ধারামসালা থেকে দুই বছরে দুটি আন্তর্জাতিক ম্যাচ সরিয়ে নেওয়া হলো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটি এই মাঠে হওয়ার কথা থাকলেও পরে হয় ইন্দোরে।
বদল আসেনি বাংলাদেশ সিরিজের আরও কোনো ম্যাচের ভেন্যুতে। দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৯ অক্টোবর, দিল্লিতে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে হায়দরাবাদে, ১২ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজের আগে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয়টি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ।
ভারত সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতেও এসেছে বদল। দুই দলের প্রথম দুটি ম্যাচের ভেন্যু করা অদলবদল করা হয়েছে। নতুন সূচিতে ম্যাচ দুটি হবে কলকাতা ও চেন্নাইয়ে। পাঁচ ম্যাচ সিরিজের বাকি তিনটি হবে রাজকোট, পুনে ও মুম্বাইয়ে। তিনটি ওয়ানডে খেলবে তারা নাগপুর, কাটাক ও আহমেদাবাদে।
