২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিদের দারুণ বোলিংয়ের পর কক্সের ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে ইংলিশরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 11:03 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

লক্ষ্য নাগালে রাখতে বল হাতে আলো ছড়ালেন আদিল রাশিদ। ফেরার ম্যাচটি দারুণ ব্যাটিংয়ে রাঙালেন জর্ডান কক্স। এক বছর পর ইংল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টি খেলতে নেমে উপহার দিলেন বিস্ফোরক ইনিংস। দাপুটে জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড।

ডাবলিনে রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয় ৬ উইকেটে। আয়ারল্যান্ডের ১৫৪ রান ১৭ বল বাকি থাকতে টপকে যায় তারা।

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এই জয়ে তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।

চমৎকার বোলিংয়ে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন লেগ স্পিনার রাশিদ। দুটি করে প্রাপ্তি লিয়াম ডসন ও জেমি ওভারটনের।

অবদান কম নয় কক্সেরও। রান তাড়ায় চারটি করে ছক্কা ও চারে ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৬ চারে ৩৭ রান করে দলের জয় সঙ্গে নিতে ফেরেন টম ব্যান্টন। 

শেষের মতো শুরুটাও ভালো ছিল না আয়ারল্যান্ডের। টস হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে অধিনায়ক পল স্টার্লিংকে হারায় তারা। পাওয়ার প্লের পরের ওভারে ফেরেন ভালো শুরু পাওয়া আরেক ওপেনার রস অ্যাডায়ার। ১ ছক্কা ও ৫ চারে ২৩ বলে ৩৩ রান করেন তিনি।

জেমি ওভারটনের ৪ বলের মধ্যে লর্কান টাকার ও কার্টিস ক্যাম্পারকে হারিয়ে বিপদ আরও বাড়ে স্বাগতিকদের। কয়েক ওভার পর দুই ওভারে আরও তিন জনের বিদায়ে তাদের রান দাঁড়ায় ৭ উইকেটে ১০৭।

সেখান থেকে আইরিশরা দেড়শ ছাড়ায় গ্যারেথ ডেলানির ব্যাটে। সাতে নেমে ৩ ছক্কা ও ৪টি চারে ২৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

আয়ারল্যান্ডের ইনিংসের পরপর হানা দেয় বৃষ্টি। তাতে ব্যাটিংয়ে নামতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইংলিশদের। খেলা শুরু হলে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় তারা, শূন্য রানে বিদায় নেন জস বাটলার। টিকতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক জ্যাকব বেথেলও। 

লক্ষ্যের পথে দলকে এগিয়ে নেন ফিল সল্ট ও কক্স। ১ ছক্কা ও ২ চারে ২৯ রান করা সল্টকে কট বিহাইন্ড করে ৫৭ রানের জুটি ভাঙেন ক্যাম্পার।

মুখোমুখি দ্বিতীয় বলে ছক্কায় রানের খাতা খোলার এক বল পর ক্রেইগ ইয়াংকে চার মারেন কক্স। পরের ওভারে ক্যাম্পারকে হাঁকান টানা চার ও ছক্কা। আগ্রাসী ব্যাটিংয়ে ৩১ বলে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম টি-টোয়েন্টি ফিফটিতে পা রাখেন তিনি।

কক্সের ঝড় থামান বেন হোয়াইট। তাতে ভাঙে ব্যান্টনের সঙ্গে তার ৪৯ রানের জুটি। রেহান আহমেদকে নিয়ে বাকি পথ অনায়াসে পাড়ি দেন ব্যান্টন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৫৪/৮ (স্টার্লিং ৭, অ্যাডায়ার ৩৩, টেক্টর ২৮, টাকার ১, ক্যাম্পার ২, কালিটজ ২২, ডেলানি ৪৮, ম্যাককার্থি ০, হামফ্রিজ ৭, ইয়াং ০; বেকার ৪-০-৫২-০, উড ৩-০-২০-০, ডসন ২-০-৯-২, ওভারটন ৪-০-২৭-২, রেহান ৩-০-২৪-১, রাশিদ ৪-০-২৯-৩)

ইংল্যান্ড: ১৭.১ ওভারে ১৫৫/৪ (সল্ট ২৯, বাটলার ০, বেথেল ১৫, কক্স ৫৫, ব্যান্টন ৩৭, রেহান ৯; হামফ্রিজ ৪-০-২৫-০, ম্যাককার্থি ৩-০-২২-১, ইয়াং ২.১-০-২১-১, ক্যাম্পার ২-০-২৪-১, হোয়াইট ৪-০-৪০-১, ডেলানি ২-০-১৮-০)

ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আদিল রাশিদ

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-০ তে জয়ী ইংল্যান্ড

ম্যান অব দা সিরিজ: ফিল সল্ট