Published : 24 Aug 2026, 09:00 PM
নাভিন-উল-হাককে ফিরিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে আফগানিস্তান। তাতে প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ এসেছে এই পেসারের সামনে।
আগামী মাসের মাঝামাঝিতে দিল্লিতে অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজটি দিয়ে আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন ইব্রাহিম জাদরান।
কাঁধের চোটের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন নাভিন। গত বছর এশিয়া কাপ ও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি এই সমস্যায়। পরে ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচার করান ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।
২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন নাভিন। ডানহাতি এই বোলার সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন ২০২৪ সালের ডিসেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ৪৮ টি-টোয়েন্টি খেলে ৬৭ উইকেট নিয়েছেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকেও টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে আফগানিস্তান। জাতীয় দলের জার্সিতে সবশেষ গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে ১৫ জনের দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান নুর রাহমান। তাকে রাহমানউল্লাহ গুরবাজের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারির পর, টি-টোয়েন্টিতে এই প্রথম দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দল ভারত-আফগানিস্তান। যা ভবিষ্যৎ সফর সূচির অংশ। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বরে হবে ম্যাচগুলো।
দিল্লিতে হলেও, ম্যাচগুলো আফগানদের হোম-ম্যাচ। সাম্প্রতিককালে দলটি তাদের সব হোম-ম্যাচ ভারতে খেলে আসছে।
আফগানিস্তান টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নুর রাহমান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, গুলবাদিন নাইব, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, নুর আহমাদ, মুজিব উর রাহমান, ফাজালহাক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই, নাভিন-উল-হাক