২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের অধিনায়ক হতে আগ্রহী? যা বললেন তাসকিন

নাজমুল হোসেন শান্তর জায়গায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব পাওয়ার বিবেচনায় আছেন অভিজ্ঞ এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 10:08 AM

Updated : 10 Sep 2026, 12:31 PM

“বেশ ভালো অধিনায়কত্ব করছেন আপনি, জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন, অধিনায়কের পদটা খালি হয়েছে…”, প্রশ্নের এটুকু শুনেই যেন লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললেন তাসকিন আহমেদ। লাজুক হাসিতেই বললেন, “এসব তো দেরি আছে…।” পরে অবশ্য অভিজ্ঞ পেসার বললেন, সময় আর ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন সব। 

প্রশ্নটা খুব অবান্তর বা অমূলক কিছু নয়। অপ্রাসঙ্গিকও নয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বেশ কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন, নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকতে রাজি নন। নতুন অধিনায়ক তাই ঠিক করতেই হবে। সহসা বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ নেই বলে বোর্ডের তাড়া নেই। তবে সামনে তো সময়টা চলেই আসবে।

সম্ভাব্য অধিনায়কদের নিয়ে টুকটাক আলোচনাও হয়েছে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত অধিনায়কত্ব করা লিটন কুমার দাস যেমন বোর্ড কর্তাদের ভাবনায় আছেন, তেমনি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আর তাসকিনও আছেন তাদের বিবেচনায়।

তাসকিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ১০ বছর পেরিয়ে গেছে। চোট-সমস্যা আগের মতো নেই। পারফরম্যান্স ও মানসিকতায় তিনি পরিণত। বিপিএলে তার নেতৃত্বের ঝলকও দেখা যাচ্ছে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকাকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার এনামুল হকের জায়গায় দায়িত্ব পেয়ে দুর্বার রাজশাহীকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়ে ফেললেন। ধুঁকতে থাকা দল নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচে হারিয়ে দিল আসরে অপ্রতিরোধ্য হয়ে ওঠা রংপুর রাইডার্সকে।

জাতীয় দলে অধিনায়কত্ব করার ইচ্ছের কথা নানা সময়েই টুকটাক বলেছেন তাসকিন। এবার সুযোগটা তার সত্যিই আসতে পারে সামনে। তবে রংপুরের বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে রাজশাহীকে নেতৃত্ব দিয়ে ২৯ বছর বয়সী পেসার বললেন, সবকিছু সময়ের ওপরই নির্ভর করবে। 

“এসব তো দেরি আছে… কালকে (সোমবার) একটা ম্যাচ আছে। প্রক্রিয়াতেই থাকি। যখন সময় হবে, সবকিছু সময়ের সঙ্গেই হবে। তকদির বলেও কিছু ব্যাপার আছে। সামনে অনেক ক্রিকেট খেলা আছে। একজন ক্রিকেটার হিসেবে স্রেফ উপভোগ করতে চাই আর উন্নতির ধারা ধরে রাখতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, এটাই চাওয়া।”

“আসলে ওগুলো (অধিনায়কত্ব) নিয়ে চিন্তা করছি না। যদি সময় আসে, কখনও এলে দেখা যাবে…।”

তাসকিনের নেতৃত্বে সোমবারই প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বে রাজশাহী।