ডিসেম্বর-জানুয়ারিতেই বিপিএল করতে চায় বিসিবি
নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সামনে সময় খুব কম থাকলেও পূর্ব নির্ধারিত সময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করার পরিকল্পনা বিসিবির।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় আলোচনার বড় একটি অংশ ছিল বিপিএল নিয়ে। পূর্ব নির্ধারিত সময় আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর আয়োজন করতে চায় বিসিবি। সামনে সময় যদিও খুবই কম, তবু চ্যালেঞ্জটি নিতে চায় এই বোর্ড।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্যই এই সময়টাতেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আগের বোর্ড।
সোমবার বিসিবি নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদে আছেন আগের বোর্ডের স্রেফ চার পরিচালক। বিপিএল গভর্নিং কাউন্সিলের আগের প্রধান মাহবুব আনাম এবার নির্বাচনেই অংশ নেননি।
নতুন বোর্ডে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। নতুন সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান।
ডিসেম্বরে টুর্নামেন্ট শুরু করতে চাইলে সময় আছে স্রেফ আর মাস দুয়েক। অথচ এখনও কোনো ফ্র্যাঞ্চাইজিই চূড়ান্ত করার প্রক্রিয়াই শুরু হয়নি।
গতবার তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে ভজকট পাকিয়ে ফেলছিল বিসিবি। বিতর্ক আর অভিযোগের শেষ ছিল না, যেসবের রেশ চলছে এখনও।
নতুন বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে ইফতেখার বললেন, গত আসরের পুনরাবৃত্তি এবার হবে না।
“গতবারের বলেন বা আগে বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ফ্র্যাঞ্চাইজি বাছাই করা। এবার আমাদের সবার আগে দেখতে হবে যে, ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিকভাবে কত শক্তিশালী। আমরা কোনোদিন বরিশাল বা কুমিল্লা কিংবা রংপুরের সমস্যা শুনিনি, কারণ তাদের উপযুক্ত ব্যবস্থাপনা ছিল এবং আর্থিকভাবে পোক্ত ছিল।”
“যেহেতু আমি এখন মেম্বার সেক্রেটারি, আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে, বোর্ড সদস্যদের নিয়ে আমরা যখন ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করব, তাদেরকে শক্তিশালী থাকেত হবে আর্থিকভাবে ও ব্যবস্থাপনায়।”
বিতর্ক এড়াতে ও গোছানো আয়োজন করতে এবার স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দায়িত্ব দিয়েছে বিসিবি। প্রতিষ্ঠানটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বিসিবি। ইফতেখারের আশা, এবার আয়োজনে কোনো ঘাটতি থাকবে না।
“গত বোর্ডও ব্যাপারটি নিয়ে খুব সতর্ক ছিল। এবার এই বোর্ডও সতর্ক আছে। এজন্যই আন্তর্জাতিকভাবে খ্যাতিমানসম্পন্ন ও সবচেয়ে ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর একটিকে আমরা অনবোর্ড করছি।”
