ভারত-ওয়েস্ট ইন্ডিজ
Published : 25 Sep 2025, 03:37 PM
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্টে প্রথমবারের মতো ভারতের সহ-অধিনায়ক হলেন রাভিন্দ্রা জাদেজা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শুবমান গিলের ডেপুটি থাকবেন তিনি।
ঘরের মাঠে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৫ জনের দল দিয়েছে ভারত। চোট কাটিয়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা কিপার-ব্যাটসম্যান নারায়ণ জাগদেশান।
তাদের সঙ্গে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল ও টপ অর্ডার ব্যাটসম্যান দেবদূত পাডিক্কালকে।
গত ইংল্যান্ড সফরের সময় পায়ে চোট পাওয়া সহ-অধিনায়ক রিশাভ পান্ত এখনও সেরে ওঠেননি। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে জাদেজাকে দায়িত্বটি দিয়েছে ভারত। ওই সফরেই হাঁটুতে চোট পেয়েছিলেন নিতিশ।
এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলা আকসার এই সংস্করণে সবশেষ মাঠে নামেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ওই বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে পার্থে ক্যারিয়ারের দুই টেস্টের সবশেষটি খেলেন পাডিক্কাল।
পান্তের বদলি হিসেবে ইংল্যান্ড সফরের শেষ টেস্টের দলে ডাক পেয়েছিলেন জাগদেশান। কিন্তু একাদশে সুযোগ পাননি এখন পর্যন্ত ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১১ সেঞ্চুরিতে ৩ হাজার ৬৮৬ রান করা ক্রিকেটার।
পান্তের অনুপস্থিতিতে ইংল্যান্ডে কিপারের দায়িত্ব পালন করা ধ্রুব জুরেল আছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও। তাই জাগদেশানের এবারও সুযোগ মেলার সম্ভাবনা ক্ষীণ।
ইংল্যান্ড সফর দিয়ে দীর্ঘ আট বছর জাতীয় দলে ফিরে সুযোগ কাজে লাগাতে পারেননি কারুন নায়ার। ৮ ইনিংসে এক ফিফটিতে রান করতে পারেন কেবল ২০৫। দলের প্রত্যাশা পূরণ করতে না পেরে বাদ পড়েছেন তিনি আসছে সিরিজের দল থেকে।
পুরো ইংল্যান্ড সফরে দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি আভিমন্যু ইশ্বরন। এবার বাদই পড়ে গেলেন অভিষেকের অপেক্ষায় থাকা ৩০ বছর বয়সী ক্রিকেটার। এছাড়া আসছে সিরিজের দলে নেই আকাশ দিপ, আনশুল কাম্বোজ, আর্শদিপ সিং ও শার্দুল ঠাকুর।
ভারতে পেসারদের তুলনায় স্পিনারদের বেশি অবদান রাখার সম্ভাবনা বেশি। তিন স্পিনিং অলরাউন্ডার জাদেজা, ওয়াশিংটন সুন্দার ও আকসারের সঙ্গে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভকে রেখেছে স্বাগতিকরা। পেস বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণার সঙ্গে আছেন নিতিশ।
আগামী রোববার শেষ হবে চলমান এশিয়া কাপ। এর তিনদিন পরই ২ অক্টোবর আহমেদাবাদে শুরু প্রথম টেস্ট। দিল্লিতে দ্বিতীয় ম্যাচ শুরু ১০ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারত দল: শুবমান গিল (অধিনায়ক), রাভিন্দ্রা জাদেজা (সহ-অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদার্শান, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (কিপার), ওয়াশিংটন সুন্দার, জাসপ্রিত বুমরাহ, আকসার প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মেদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, কুলদিপ ইয়াদাভ, নারায়ণ জাগদেশান (কিপার)।