Published : 16 Feb 2026, 12:56 PM
ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে পারাটাই এক জীবনের প্রাপ্তি। অ্যামেলিয়া কার ডাবল সেঞ্চুরির পর একই ম্যাচে উইকেট শিকার করেছিলেন ৫টি! ছেলে আর মেয়ে মিলিয়েই অনন্য এক কীর্তি গড়েছিলেন বয়স ১৮ হওয়ার আগেই। ক্রমে তিনি হয়ে উঠেছেন বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। অনেকটা পথ পেরিয়ে সেই কার এবার পেলেন দেশকে নেতৃত্ব দেওয়ার সম্মান।
সব সংস্করণেই নিউ জিল্যান্ডের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কার। আগের অধিনায়ক সোফি ডিভাইন ওয়ানডে থেকে অবসর নিয়েছেন গত বিশ্বকাপ শেষে। টি-টোয়েন্টিতে তিনি বিদায় বলেছেন অধিনায়কত্বকে। কিংবদন্তি ক্রিকেটারের জায়গায় এই সময়ের তারকাকে বেছে নিল নিউ জিল্যান্ড।
২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কারের। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম ইনিংসেই ৪৫ বলে ৮১ রানের ইনিংস খেলেন তিনি। দশম ইনিংসে আয়ারল্যান্ডের বিপক্ষে উপহার দেন ১৪৫ বলে ২৩২ রানের অপরাজিত ইনিংস। নারী ওয়ানডেতে এখনও ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড সেটি। ডাবলিনে সেই ম্যাচেই পরে বল হাতে তিনি উইকেট নেন ১৭ রানে ৫টি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৮৪ ওয়ানডে ও ৮৮ টি-টোয়েন্টি খেলেছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের শিরোপা জয়ে বড় অবদান রেখে সর্বোচ্চ উইকেট শিকারি ও প্লেয়ার অব দা টুর্নামেন্ট হন তিনি।

ভারপ্রাপ্য দায়িত্বে আগে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে নেতৃত্বের অভিজ্ঞতা আছে কারের। সাফল্য পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে। তার নেতৃত্বে পিঠেপিঠি দুই মৌসুমে সুপার স্ম্যাশের শিরোপা জিতেছে ওয়েলিংটন ব্লেইজ।
নেতৃত্ব পেয়ে কার বললেন, আগের মতো থেকেই তিনি দলকে এগিয়ে নিতে চান সাফল্যের পথে।
“নেতৃত্ব আমাকে বদলে দেবে না, আমি আগের সেই মানুষটিই আছি এবং এই দলকে নেতৃত্ব দিকে সম্ভাব্য সবকিছূই নিংড়ে দেব আমি এবং আশা করি, আমাদের দেশের জন্য সাফল্য বয়ে আনব।”
জিম্বাবুয়ের বিপক্ষে সামনের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে কারের নতুন অধ্যায়। সিরিজটি শুরু ২৫ ফেব্রুয়ারি।