‘টি-টোয়েন্টি খেলতে ছক্কার সামর্থ্য থাকতেই হবে’
টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই ব্যাটিং করতে ছক্কা মারার সামর্থ্যের সুবিধা পাচ্ছেন, বললেন পারভেজ হোসেন৷
প্রথম ওভারে ড্রেসিং রুমে ফিরলেন তানজিদ হাসান। এক ওভার পর একই পথ ধরলেন লিটন কুমার দাস। চাপের মুখে ক্রিজে গিয়ে শুরুতেই ফ্রি হিট পেলেন তাওহিদ হৃদয়। দারুণ শটে লং অন দিয়ে মারলেন ছক্কা। পরের ওভারে স্লগ সুইপে ছক্কা মারলেন পারভেজ হোসেন। একই ছন্দে সালমান মির্জার বল এক হাতের শটে ছক্কায় ওড়ালেন বাঁহাতি ওপেনার।
ছোট লক্ষ্য তাড়ায় আসা শুরুর চাপ তিন ওভারের মধ্যে ৪টি ছক্কা মেরে দূরে ঠেলে দিলেন হৃদয় ও পারভেজ। পরে দেখেশুনে খেলে দলকে নিয়ে গেলেন জয়ের কাছে। ৭ উইকেটের অনায়াস জয়ের পর পারভেজ বললেন, নিয়মিত ছক্কা মারার সামর্থ্যই এখন টি-টোয়েন্টির মানানসই ব্যাটিংয়ে এগিয়ে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।
পারভেজের কথার স্পষ্ট প্রমাণ আছে পরিসংখ্যানেও। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১১১ রানের লক্ষ্যেই যেমন ৭টি ছক্কা মারে বাংলাদেশ। এর ৫টিই আসে ৩৯ বলে ৫৬ রান করা পারভেজের ব্যাট থেকে।
সব মিলিয়ে চলতি বছরের ১০ ম্যাচে বাংলাদেশের ছক্কা মোট ৮৮টি। অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে প্রায় ৯টি করে ছক্কা। এই সংস্করণে প্রায় ১৯ বছর ধরে খেলে এখন পর্যন্ত ৯টি ম্যাচে ১০ বা এর বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ। এর ৭টিই গত দুই বছরে, ৪টি চলতি বছরে।
ব্যক্তিগত ব্যাটিংয়ের হিসেবেও এগিয়ে বর্তমান ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত ১৬ ইনিংসে পারভেজের ছক্কা ২৪টি। আরেক ওপেনার তানজিদ হাসান ২৮ ইনিংসে মেরেছেন ৩২ ছক্কা। ফিনিশিংয়ের দায়িত্বে থাকা জাকের আলিরও ২৮ ইনিংসে ছক্কা ৩২টি।
বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ইনিংসের চেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড নেই। কাছাকাছি থাকা তাওহিদ হৃদয় ৩৯ ইনিংসে মেরেছেন ৩৭টি ছক্কা।
তানজিদের অভিষেকের পর থেকে টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের চেয়ে বেশি ছক্কা আছে আর মাত্র ৬ জন ব্যাটসম্যানের।
কম যান না পারভেজও। ১৬ ম্যাচের ক্যারিয়ারে এরই মধ্যে তিন ইনিংসে ৪ বা এর বেশি ছক্কা মেরেছেন ২৩ বছর বয়সী ওপেনার। বাংলাদেশের হয়ে এটিই রেকর্ড। তিন ইনিংসে ৪ বা এর বেশি ছক্কা মারা অন্য তিন জন- মাহমুদউল্লাহ (১৪১), লিটন কুমার দাস (১০৫) ও তামিম ইকবাল (৭৪) খেলেছেন পারভেজের চেয়ে অনেক বেশি ম্যাচ।
সার্বিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের ছক্কা মারার সামর্থ্য বৃদ্ধি স্পষ্ট। পাকিস্তানকে হারিয়ে সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা পারভেজও বললেন সেই কথা।
“টি-টোয়েন্টি খেলতে হলে ছক্কা মারার সামর্থ্য থাকতেই হবে। আল্লাহ্র রহমতে, আমাদের দলের সবার সে সামর্থ্যটা আছে। একদম শেষ যে ব্যাটসম্যান আছে, সেও ছক্কা মারতে পারে। এটা আমাদের অনেক ভালো উপকার দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ব করতে পারব, আমাদের জন্য ভালো হবে।”
পারভেজের জন্য ম্যাচ জেতানো ইনিংস খেলাটা অবশ্য সহজ ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচেই শূন্য রানে আউট হন তিনি। পাকিস্তানের বিপক্ষে ছিল হ্যাটট্রিক শূন্যের চোখরাঙানি।
এর সঙ্গে যোগ হয় শুরুতেই তানজিদ ও লিটনের উইকেট হারানোর চাপ। সেসব উতরেই জয়ের নায়ক বাঁহাতি এই ওপেনার। তিনি জানালেন, বর্তমানে থাকার মন্ত্রে সাফল্য পাওয়ার কথা।
“আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করেছি। শ্রীলঙ্কার ওটা (দুই ম্যাচে শূন্য) সেখানেই শেষ হয়ে গেছে। আমার পুরো মনোযোগ এই সিরিজের দিকে ছিল। পরের বল কী হবে, সেটাই ভাবছিলাম সবসময়।”
লক্ষ্য ছোট হলেও ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৭৩ রানের জুটি গড়েন পারভেজ ও হৃদয়। পরে জাকেরের সঙ্গে ১৮ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন বন্ধনে ম্যাচ শেষ করেন পারভেজ।
শুরুর ধাক্কা সামলে ম্যাচ জেতানো ইনিংস খেলার পথে নিজেদের পরিকল্পনা জানান পারভেজ।
“আমরা জুটি গড়ার চেষ্টা করেছি। আমাদের ইন্টেন্ট ভালোই ছিল। আমাদের কথা হচ্ছিল যে, ইন্টেন্ট ভালো রেখে যত কম ঝুঁকি নিয়ে খেলা যায়।”
“যখন পরপর উইকেট পড়ে, তখন যেকোনো দলের ওপরই কিছুটা চাপ আসে। আমাদের পরিকল্পনা থাকে, একটা ছোট জুটি গড়ার। ইন্টেন্ট ঠিকই থাকবে, তবে ছোট একটা জুটি গড়ে খেলাটা বড় করার চেষ্টা থাকবে।”
মিরপুরে ২০২৪ সালের মে মাসের পর এদিনই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামে বাংলাদেশ। ঘরের মাঠে খেলা হলেও, মিরপুরের উইকেটের অনিশ্চয়তার কারণে ম্যাচের আগের দিন তাই আলোচনার কেন্দ্রে ছিল উইকেট।
ম্যাচের পর উইকেট নিয়ে ক্ষোভ উগড়ে দেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। তবে সংশয় এড়াতে দ্রুত উইকেট পড়ার পরিকল্পনায় সফল হওয়ার কথা বললেন পারভেজ।
“আমাদের পরিকল্পনা ছিল, ম্যাচের দিন যত দ্রুত উইকেটটা বুঝতে পারব, আমাদের জন্য তত ভালো হবে। আমরা দ্রুত সেটি করতে পেরেছি। দুটো উইকেট দ্রুত পড়তেই পারে, টি-টোয়েন্টি ক্রিকেটে এটা স্বাভাবিক। কিন্তু আমরা অন্যরা যারা ব্যাটিং করেছি উইকেটটা ভালো বুঝতে পেরেছি।”
একই মাঠে দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার।
