টি-টোয়েন্টিতে প্রথমবার জাপানের মুখোমুখি ভারত
ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর।
প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাপানের মুখোমুখি হবে ভারত। এশিয়ার দেশ দুটির কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের সূচনা হবে এই ম্যাচ দিয়ে।
আগামী ২২ সেপ্টেম্বর জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ম্যাচটি।
‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের প্রথম ধাপ হবে এই ম্যাচ। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে হওয়া চুক্তির ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩৬ সালে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনে ভারতের আকাঙ্ক্ষাকে সামনে রেখে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ম্যাচটি জাপান ও পূর্ব এশিয়ার আরও বড় একটি দর্শকগোষ্ঠীর কাছে ক্রিকেটকে পরিচয় করিয়ে দেবে বলে মনে করছেন বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া।
“ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতীয় দলকে নতুন একটি অঞ্চলে নিয়ে যাওয়ার পাশাপাশি জাপান ও পূর্ব এশিয়ার আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ তৈরি করছে এই ম্যাচ।
“ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। এই ম্যাচ আয়োজন সম্ভব করার জন্য জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানাই।”
জাপান হবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের ২০তম প্রতিপক্ষ। পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের আয়োজকও তারা। তবে সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেটের ভেন্যু নয়। এশিয়ান গেমসের ক্রিকেট অনুষ্ঠিত হবে নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে।
