২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অনভিজ্ঞ' অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সিদ্ধান্তে ইংল্যান্ডের চাওয়াও পূর্ণ

টস জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

'অনভিজ্ঞ' অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সিদ্ধান্তে ইংল্যান্ডের চাওয়াও পূর্ণ
স্টিভেন স্মিথ (বাঁয়ে) ও জস বাটলার। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 02:43 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

ব্যক্তিগত কারণের পাশাপাশি চোটের থাবায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই অস্ট্রেলিয়ার নিয়মিতদের অনেকেই। তুলনামূলক খর্বশক্তির দল নিয়ে বৈশ্বিক আসরে খেলতে গেছে তারা। ইংল্যান্ড অবশ্য এই টুর্নামেন্টে নিজেদের সেরা দলটিকেই পাচ্ছে। তবে দীর্ঘ দিন ধরে সাদা বলের ক্রিকেটে ছন্দে নেই তারা। নিজেদের ফিরে পাওয়ার অভিযানে চোট জর্জর অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংলিশরা।

লাহোরে শনিবার মাঠের লড়াইয়ে নামছে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। এই ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পথচলা শুরু করতে যাচ্ছে তারা।

ম্যাচটিকে ‘কোয়ার্টার-ফাইনাল’ হিসেবে দেখা অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার অবশ্য বলেছেন, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন।

পাকিস্তান ও দুবাইয়ে চলমান এই টুর্নামেন্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেস আক্রমণের অন্য দুই মূল অস্ত্র মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দুই অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনও নেই চোটের কারণে। দল ঘোষণার পর আচমকা অবসরে চলে যান অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অনভিজ্ঞ ক্রিকেটারে ঠাসা তাদের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কায় দুই ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশড হয়ে পাকিস্তানে গিয়েছে তারা। ইংল্যান্ড অবশ্য আরও লম্বা সময় ধরে নেই ছন্দে। চলতি টুর্নামেন্টেও তারা এসেছে ভারতের মাটিতে ৩-০তে সিরিজ হেরে।

ওয়ানডেতে দুই দলের লড়াইয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। ১৬২ ম্যাচের দেখায় ৯১বার জিতেছে তারা। আর ইংলিশদের জয় ৬৫ ম্যাচে। দুটি হয়েছে টাই, তিনটিতে আসেনি ফল।

এই ম্যাচের একাদশ অবশ্য গত বৃহস্পতিবারই ঘোষণা করে দেয় ইংল্যান্ড। পেশির চোটের কারণে ভারত সফরে শেষ দুটি টি-টোয়েন্টি ও পুরো ওয়ানডে সিরিজে খেলতে না পারা জেমি স্মিথ ফিরেছেন একাদশে। কিপারের দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো তিন নম্বরে ব্যাট করবেন ২৪ বছর বয়সী স্মিথ।

চোট কাটিয়ে ফিরেছেন পেসার ব্রাইডন কার্সও। পেস আক্রমণে তার সঙ্গে থাকবেন জফ্রা আর্চার ও মার্ক উড। একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার আদিল রাশিদ। পঞ্চম বোলারের কাজ চালাতে হবে লিয়াম লিভিংস্টোন ও জো রুটের স্পিন দিয়ে।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, আদিল রাশিদ, মার্ক উড।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে থেকে চারটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, শন অ্যাবট ও তানভির স্যাঙ্ঘা।

একাদশে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারিকেও ফেরানো হয়েছে। তবে এই ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে জশ ইংলিসকে।

দুই পেসার ন্যাথান এলিস ও স্পেন্সার জনসনও ফিরেছেন একাদশে। পেস আক্রমণে তাদের সঙ্গী বেন ডোয়ার্শিস। একমাত্র স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। তাকে সাহায্য করতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (কিপার-ব্যাটসম্যান), অ্যালেক্স কেয়ারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।